বন্দর ব্যবহারের আনুষ্ঠানিকতা শেষ করার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। একইভাবে তাঁরা ভারত থেকে সড়ক, নৌ ও রেলপথে পণ্য পরিবহনের জরুরি আনুষ্ঠানিকতা সারার নির্দেশনা দিয়েছেন। গতকাল বুধবার বাংলাদেশ ও ভারতের এক যৌথ ইশতেহারে এ কথা বলা হয়। ৬৫ দফার ইশতেহারে বলা হয়, উভয় পক্ষ পররাষ্ট্রমন্ত্রীদের নেতৃত্বে একটি যৌথ কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এ কমিশন কাঠামো চুক্তির আওতায় যাবতীয় কর্মকাণ্ডের অগ্রগতির পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে সমন্বয় ও তদারকি করবে। ইশতেহারে বলা হয়, ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয়সংক্রান্ত চুক্তি দ্রুত শেষ করতে দুই দেশের প্রধানমন্ত্রী সম্মত হয়েছেন। ভারত থেকে বাংলাদেশের বিদ্যুৎ ক্রয়সংক্রান্ত চুক্তি দ্রুত শেষ করার জন্য বিপিডিপি ও এনটিপিসির প্রতি নির্দেশ দিতে একমত হন তাঁরা। যৌথ ইশতেহারে বলা হয়, বিপিডিপি ও এনটিপিসির যৌথ উদ্যোগে এক হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চলছে। বাগেরহাটে ওই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। ওই কেন্দ্র স্থাপনের কাজ শুরু করতে যত দ্রুত সম্ভব আনুষ্ঠানিকতা শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার কথা বলা হয়। এ ছাড়া চট্টগ্রামের উপযুক্ত কোনো স্থানে যৌথ উদ্যোগে একই পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন আরেকটি কয়লাভিত্তিক প্রকল্প স্থাপনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হবে বলে উল্লেখ করা হয়। দুই প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দুই দেশের জনগণের মঙ্গল ও এ অঞ্চলের উন্নয়নের জন্য সার্বভৌমত্ব, সমতা, বন্ধুত্ব, বিশ্বাস ও সমঝোতার ভিত্তিতে দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। গত বছরের জানুয়ারিতে শেখ হাসিনার ভারত সফরের কথা উল্লেখ করে ইশতেহারে বলা হয়, ওই সফরে দুই পক্ষ এক গুচ্ছ উদ্যোগের ব্যাপারে মতৈক্যে পৌঁছে, যা দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে। ভারতের প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করে—টিপাইমুখ প্রকল্প নিয়ে ভারত এমন কোনো পদক্ষেপ নেবে না। দুই প্রধানমন্ত্রী বলেন, সমতার ভিত্তিতে তিস্তা ও ফেনী নদীর পানি বণ্টন চুক্তির ব্যাপারে অগ্রগতি হয়েছে। তাঁরা এ বিষয়ে যত দ্রুত সম্ভব চুক্তির কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।দুই প্রধানমন্ত্রী উল্লেখ করেন, উভয় পক্ষ ইতিমধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস চুক্তিতে সই করেছে। এর মধ্য দিয়ে নেপাল ও ভুটান থেকে আসা মালবাহী ট্রাক বাংলাদেশের শুল্ক স্টেশন হয়ে চলাচলের সুযোগ পাবে। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের পালাতানা বিদ্যুৎ প্রকল্পে ওডিসি কার্গো যাওয়ার অনুমতি দেওয়ায় মনমোহন বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। দুই প্রধানমন্ত্রী বাংলাদেশের আশুগঞ্জ ও ভারতের শীলঘাটকে দ্বিপক্ষীয় অভ্যন্তরীণ নৌ-ট্রানজিট ও বাণিজ্য প্রটোকলের আওতায় অতিরিক্ত পোর্টস অব কল চালুতে সন্তোষ প্রকাশ করেন। আশুগঞ্জ বন্দর দিয়ে ত্রিপুরায় পরীক্ষামূলকভাবে কার্গো চলাচল শুরুতে সহায়তার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান মনমোহন। পূর্ণাঙ্গভাবে চালুর আগে আশুগঞ্জে অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল স্থাপিত হবে। বাংলাদেশ ও ভারতের রেলওয়ের মধ্যে সমঝোতা স্মারক সংশোধনের প্রয়োজনীয়তার কথা মনমোহনের কাছে তুলে ধরেন শেখ হাসিনা। বাংলাদেশ থেকে নেপালে সার রপ্তানি করতে রেলপথ ব্যবহার করতে সহায়তার জন্য ভারতের প্রশংসা করেন শেখ হাসিনা। দুই পক্ষ চিলাহাটি থেকে হলদিবাড়ী এবং কুলাউড়া থেকে মাহিশ্মশান পর্যন্ত রেল যোগাযোগ পুনঃস্থাপনে রাজি হয়। মুম্বাইয়ে বাংলাদেশের উপ-হাইকমিশন খুলতে অনুমতি দেওয়ায় ভারত সরকারের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।