বন্দর শ্রমিকদের বেতন শতভাগ বাড়ানোর দাবি জানালেন মহিউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের বেতন-ভাতা শতভাগ বাড়ানোর দাবি জানিয়েছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গতকাল রোববার বিকেলে বন্দর এলাকায় বন্দর নাগরিক অধিকার পরিষদের কর্মিসভায় মহিউদ্দিন চৌধুরী এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক জহুর আহমদ। মহিউদ্দিন চৌধুরী বলেন, গত ছয় বছরে বন্দরের শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানো হয়নি।গত ছয় বছরে বেতন-ভাতা না বাড়ানোর কারণে এখন একসঙ্গে শতভাগ বেতন-ভাতা বাড়ানোর দাবি জানান মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, শ্রম আইন অনুযায়ী তিন চুক্তির মেয়াদে শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর কথা সর্বোচ্চ ৯০ শতাংশ। সেখানে একটি চক্র ২৫ শতাংশ বেতন-ভাতা বাড়ানোর কথা তুলে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করছে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, নগর শ্রমিক লীগের সভাপতি বখতেয়ার উদ্দিন, বন্দর নাগরিক অধিকার পরিষদের সদস্যসচিব রোটারিয়ান মো. ইলিয়াছ, বন্দর কর্মচারী পরিষদের সভাপতি মমতাজ উদ্দিন প্রমুখ। বন্দরের একটি কমিটি শ্রমিকদের বেতন-ভাতা ২০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে। কমিটির প্রতিবেদন বোর্ডের সভায় অনুমোদন পেলে এটি কার্যকর হবে।