বন্দর সচল হতে সময় লাগবে রোববার পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরে পাঠিয়ে দেওয়া পণ্যবাহী জাহাজগুলো আগামীকাল রোববার সকালে জোয়ারের সময় বন্দর জেটিতে ভিড়ানো হবে। ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে শুক্রবার রাত থেকে শনিবার বেলা ১১টার মধ্যে জোয়ারের সময় ধাপে ধাপে ১৯টি জাহাজ সাগরে পাঠানো হয়েছিল। 

বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম মুঠোফোনে খুদেবার্তায় প্রথম আলোকে জানান, সাগরে পাঠিয়ে দেওয়া ১৯টি জাহাজের মধ্যে ১২টি কাল রোববার জোয়ারের সময় জেটিতে ভিড়ানো হবে। রোববার রাতের জোয়ারে আরও তিনটি জাহাজ ভিড়ানোর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া শনিবার রাতের মধ্যে বন্দর চত্বর থেকে পণ্য খালাস নেওয়ার ব্যবস্থা চালু করা হবে।
বন্দরের পরিবহন বিভাগের কর্মকর্তারা জানান, সর্বশেষ গতকাল শুক্রবার রাত আটটার মধ্যে বন্দর চত্বর থেকে পণ্য খালাস নিয়েছেন আমদানিকারকেরা। পণ্য খালাসের সব প্রক্রিয়া শেষ করেও ঘূর্ণিঝড়ের আশঙ্কায় অন্তত ২০ থেকে ২৫টি কনটেইনার খালাস নিতে পারেননি আমদানিকারকেরা। কার্যত এসব গুটিকয়েক কনটেইনার পণ্য বন্দর চত্বর থেকে খালাস নিতে পারবেন আমদানিকারকরা।
এদিকে, কাল রোববার সকালের জোয়ারে জাহাজ ভিড়ানোর কার্যক্রম শুরু করার পর জাহাজ থেকে জেটিতে পণ্য খালাস শুরু হবে।