বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে পানি নেই ১৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে পানি না থাকায় রোগী আসছেন না। তাই কমপ্লেক্সের শয্যাগুলো এভাবে ফাঁকা পড়ে রয়েছে। ছবিটি গতকাল দুপুরে তোলা, প্রথম আলো
বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে পানি না থাকায় রোগী আসছেন না। তাই কমপ্লেক্সের শয্যাগুলো এভাবে ফাঁকা পড়ে রয়েছে। ছবিটি গতকাল দুপুরে তোলা, প্রথম আলো

নিজস্ব গভীর নলকূপ বিকল হওয়ায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। পানি না থাকায় অনেক রোগী হাসপাতাল থেকে চলে গেছেন। ৩১ শয্যার হাসপাতালে গতকাল রোববার মাত্র পাঁচজন রোগী ভর্তি ছিলেন।

গত বুধবার বেলা ১১টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায়, নোংরা মেঝে। বিভিন্ন স্থানে ময়লা। শৌচাগারে পানি নেই। প্রকট দুর্গন্ধ। মহিলা ওয়ার্ডে ভর্তি ছিলেন মাত্র চারজন রোগী। সঙ্গে কয়েকজন স্বজন।

১১ নম্বর শয্যায় চিকিৎসারত রহিমা বেগম জানান, শ্বাসকষ্টজনিত সমস্যায় ভর্তি হয়েছেন। কিন্তু হাসপাতালের কোথাও পানি নেই। বাইরে থেকে পানি এনে প্রয়োজনীয় কাজ করছেন।

জরুরি বিভাগের সামনে দেখা যায়, চিকিৎসকেরা রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়েই বিদায় করছেন। কেউ ভর্তি হতে চাইলে চিকিৎসক বলছেন, হাসপাতালে পানি নেই। তবু ভর্তি হতে চাইলে হতে পারেন। রোগীরা কিছুক্ষণ চিন্তা করে ভর্তি না হয়েই হাসপাতাল ত্যাগ করছেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাশেদ তৌফিক ইমাম জানান, ১৭ দিন আগে পানির পাম্প বিকল হওয়ায় সংকট দেখা দিয়েছে। পাম্প মেরামতের জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীকে জানানো হয়েছে।

আরএমও জানান, পানি না থাকায় অনেক রোগী চলে গেছেন। বুধবার চারজন, বৃহস্পতিবার তিনজন ও রোববার পাঁচজন রোগী ভর্তি ছিলেন।

যোগাযোগ করা হলে সিভিল সার্জন দুলাল চন্দ্র সাহা জানান, গভীর নলকূপ ঠিক করার দায়িত্ব স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। তারা নলকূপ ঠিক না করা পর্যন্ত একটি বিকল্প পাম্পের ব্যবস্থা করে দেবে বলে জানিয়েছে। দু-এক দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।