চট্টগ্রাম বন্দরকে আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে একগুচ্ছ সুপারিশ করেছেন বন্দর ব্যবহারকারীরা। এসব সুপারিশের মধ্যে রয়েছে বন্দর কর্তৃপক্ষের পূর্ণ স্বায়ত্তশাসন, উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, দক্ষ পেশাজীবী গড়ে তোলা, বন্দরের সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ উন্নত করা ইত্যাদি।গতকাল রোববার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে ‘আঞ্চলিক কেন্দ্র হিসেবে চট্টগ্রাম বন্দর বিকাশের সম্ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব সুপারিশ করেন। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এবং চট্টগ্রাম চেম্বার যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।বন্দর ব্যবহারকারীরা মনে করেন, বন্দরের বিদ্যমান সুযোগ-সুবিধা ব্যবহার করে এখনো দক্ষতার সঙ্গে পণ্য ওঠানো-নামানোর সুযোগ পাচ্ছেন না দেশের ব্যবহারকারী ব্যক্তিরা। প্রতিবেশী দেশগুলোর পণ্য পরিবহনের সুযোগ তৈরি করতে হলে দ্রুত বন্দরের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন জরুরি। গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম। স্বাগত বক্তৃতা করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রাম চেম্বারের নেতা এবং বন্দর ব্যবহারকারী সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।বৈঠকে বন্দরের দক্ষতা হ্রাসের অভিজ্ঞতা তুলে ধরে ব্যবহারকারীরা বলেন, বন্দর কর্তৃপক্ষের হাতে পর্যাপ্ত ক্ষমতা না থাকায় প্রতিটি উন্নয়ন প্রকল্প আমলাতান্ত্রিক জটিলতায় পড়ছে। এ কারণে তিন বছর আগে নির্মাণ শেষ হলেও বছরে ১০ লাখ কনটেইনার ওঠানো-নামানোর ক্ষমতাসম্পন্ন নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এখনো বেসরকারি খাতে ছেড়ে দেওয়া যায়নি। বারবার পিছিয়ে দেওয়ার পর এখনো মূল দরপত্র আহ্বান করা যায়নি।চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, এখন বন্দর সম্প্রসারণের প্রয়োজন দেখা দিয়েছে। চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড পর্যন্ত ২৫ মাইল এলাকায় পোতাশ্রয় নির্মাণের সুযোগ আছে। গভীর সমুদ্র বন্দরেরও প্রয়োজন আছে। তবে সবকিছুর আগে বন্দরের অবকাঠামো উন্নয়ন করতে হবে। ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দর খান বলেন, বন্দরের অদক্ষতার কারণে পণ্য পরিবহনে খরচ বেশি পড়ছে। বন্দরবিশেষজ্ঞ সুলতান মাহমুদ বলেন, বন্দরে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানো যেভাবে বাড়ছে, তাতে আগামী ১০ বছরে বর্তমানের চেয়ে তা দ্বিগুণ হবে। বন্দরের সদস্য (অর্থ) মো. মোশাররফ হোসেন বলেন, পণ্য ওঠা-নামার হার কয়েক গুণ বাড়লেও ১৯৮৪ সালের জনবল দিয়েই বন্দর পরিচালিত হচ্ছে। প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন বলেন, আঞ্চলিক বন্দর হিসেবে ব্যবহারের সুযোগ সব সময় থাকবে না। প্রতিবেশী দেশ এই সুবিধা লুফে নিতে পারে। তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম শাহজাহান বলেন, আঞ্চলিক বন্দর হিসেবে ব্যবহারের জন্য বন্দরের প্রস্তুতি আছে। দু-তিন মাসের মধ্যে কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হচ্ছে। বন্দরের সাবেক সদস্য হাদী হোসেন বলেন, আঞ্চলিক বন্দর হিসেবে ব্যবহারের সুযোগ কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে সুবিধা নিতে হবে।চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব আলম বলেন, নীতি প্রণয়ন, দুর্নীতি বন্ধ এবং বন্দর ব্যবস্থাপনার উচ্চপদের কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হলে বন্দরের সমস্যা অনেকখানি লাগব হবে। শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি কামাল হায়াত বলেন, বন্দর কর্তৃপক্ষের ক্ষমতা বাড়ানো হলে বন্দরের ৬০ শতাংশ সমস্যার সমাধান হয়ে যায়। বিজিএমইএর প্রথম সহসভাপতি নাছির উদ্দিন চৌধুরী বলেন, বন্দরের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ উন্নত না হলে আমদানি-রপ্তানি বাণিজ্যে সুফল আসবে না। বার্থ অপারেটর শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম বন্দর কোনো যন্ত্রপাতি সংগ্রহ করতে হলে ন্যূনতম দু-তিন বছর চলে যায়। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, অর্থনৈতিক, বাণিজ্যিক ও কারিগরি—এই তিনটি বিষয় সমন্বয় করে আঞ্চলিক বন্দর হিসেবে গড়ে তোলার জন্য নীতি প্রণয়ন জরুরি। বৈঠকে আরও বক্তৃতা করেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক এম এ ছালাম, মাহফুজুল হক শাহ, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আহসানুল হক চৌধুরী প্রমুখ।