বন্দরকেন্দ্রিক ধর্মঘট নিষিদ্ধ করতে আইন প্রণয়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দরকেন্দ্রিক হরতাল ও ধর্মঘটের মতো কর্মসূচি নিষিদ্ধ করতে নতুন আইন প্রণয়নের দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার। দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয় তা নিশ্চিত করতে গতকাল রোববার চট্টগ্রাম চেম্বার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার দুপুরে চট্টগ্রাম চেম্বারের বন্দর ও জাহাজীকরণ-বিষয়ক স্থায়ী উপকমিটির এক সভায় বন্দরের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এতে বন্দর ব্যবহারকারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় কমিটির সদস্যরা চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আটটি দাবি জানান। এসব দাবির মধ্যে বন্দরকেন্দ্রিক কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করা ছাড়াও বন্দরের সেবার মান বাড়াতে স্ক্যানারের সংখ্যা বাড়ানো, জেটির সামনে গভীরতা বাড়াতে খনন করা, খালি কনটেইনার রাখার জন্য আলাদা ডিপো নির্মাণ, দ্রুত পণ্য খালাসের জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে যন্ত্রপাতি সংগ্রহের অনুমোদন দেওয়া, যন্ত্রপাতির সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং পণ্য খালাসে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করা।