বন্দরে অটোরিকশার ধাক্কায় শিশু আহত, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় শিশু শ্রেণির এক ছাত্রী আহত হয়। এ ঘটনার জেরে শিক্ষার্থীরা ও এলাকাবাসী দুই ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে। গতকাল শনিবার সকাল ৯টায় সোনারগাঁ-নবীগঞ্জ সড়কে উপজেলার পদুঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার মিনারবাড়ি এলাকার চান বাদশা মিয়ার মেয়ে রাবেয়া আক্তার (৫) স্থানীয় কুশিয়ারা ভদ্রাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী। গতকাল সকালে স্কুলে যাওয়ার পথে পদুঘর এলাকায় একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে রাবেয়া গুরুতর আহত হয়। এ সময় চালক অটোরিকশা ফেলে পালিয়ে যান। এলাকাবাসী রাবেয়াকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নগরীর খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও এলাকাবাসী সোনারগাঁ-নবীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে অটোরিকশাচালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।