বন্দরে আগুনে ১৭টি দোকান পুড়ে গেছে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। আগুনে ২৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল ভোরে বন্দর উপজেলার মদনপুরে ইসলামিয়া সুপার মার্কেটসংলগ্ন এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ৩০-৪০ ফুট ওপরে উঠে যায়। পুড়ে যায় মিজানুর রহমানের দুটি কনফেকশনারি ও একটি মোবাইল ফোনের সরঞ্জাম বিক্রির দোকান, আবুল হোসেনের মালিকানাধীন একটি কনফেকশনারি, জাহাঙ্গীর মিয়ার একটি ইলেকট্রিক ও মিষ্টির দোকান, শাহ আলমের মালিকানাধীন টেইলার্স, আলী আকবরের ডিমের দোকান, ফারুক ও আসাবউদ্দিনের মালিকানাধীন দুটি কনফেকশনারি, মোতাহার হোসেনের একটি ওষুধের দোকান, হেলালের ফলের দোকানসহ ১৭টি দোকান।