বন্দরে আটকে আছে চিনির চালান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাটের কাদলা বন্দর থেকে ১১ হাজার ২০৪ টন চিনি নিয়ে গত মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে আসে এমভি মার্সি উইজডম জাহাজটি। বন্দরে ভেড়ার ছয় দিনেও এ চিনি খালাস করতে পারছে না আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকা ট্রেডিং হাউস। কারণ বিএসটিআই থেকে তারা এখনো চিনি খালাসের ছাড়পত্র পায়নি। এ ধরনের জাহাজের ভাড়া দিনে ছয় থেকে আট হাজার মার্কিন ডলার। সে হিসাবে এই এক জাহাজ চিনিতে ভাড়া বাবদ আমদানিকারককে ক্ষতিপূরণ গুনতে হচ্ছে অন্তত ৩৬ হাজার মার্কিন ডলার।ঢাকা ট্রেডিং হাউসের মালিক টিপু সুলতান গতকাল রোববার সকালে প্রথম আলোকে বলেন, ‘ভারত থেকে বন্দরে চিনি আসতে সময় লেগেছে চার দিন। অথচ বন্দরে ভেড়ার ছয় দিনেও এক টন চিনি খালাসের ছাড়পত্র পাইনি। বিএসটিআইয়ের আজ ল্যাব খারাপ তো কাল সরকারি ছুটি, এভাবে ছয় দিন পেরিয়ে গেছে। জাহাজের ভাড়া বাবদ এখন ক্ষতিপূরণ গুনতে হচ্ছে।’ জানা গেছে, নিয়মানুযায়ী শোধিত চিনি শুল্কায়ন করতে হলে বিএসটিআই থেকে ছাড়পত্র নিতে হয়। এ জন্য আমদানি করা চিনির নমুনা বিএসটিআইতে পাঠানো হয়। বিএসটিআই নিজস্ব ল্যাবের পাশাপাশি নগরের বালুছড়ায় অবস্থিত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) থেকেও চিনির মান পরীক্ষা করে নেয়। এ প্রক্রিয়ায় সাধারণত এক সপ্তাহ সময় লেগে যায়। ছাড়পত্র পাওয়ার আগে শুল্কায়ন এবং খালাসের সুযোগ নেই।জানা গেছে, ২০০৭ সালের নভেম্বর থেকে সরকারি আদেশ অনুযায়ী আমদানি করা চিনি বাজারে ছাড়ার আগে বিএসটিআইর অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়। এর আগে বছরের পর বছর চাল-ডাল-গমের মতো চিনিও আমদানির পর সরাসরি বাজারে বিক্রি করা যেত। আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রাক্জাহাজিকরণ কোম্পানির (পিএসআই) গুণগত মান এবং রাসায়নিক পরীক্ষার সনদ দেওয়ার পরও এভাবে বিএসটিআইর পরীক্ষাকে হয়রানিমূলক ব্যবস্থা বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাঁরা বলেন, চার বছর ধরে বিএসটিআই পরীক্ষার নামে হয়রানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। বিএসটিআই চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক এস এম ইসহাক আলী গতকাল প্রথম আলোকে বলেন, ‘চিনির মান পরীক্ষায় স্বাভাবিকভাবে সাত কার্য দিবস সময় লাগে। তবে দেশের চিনি সংকটের কারণে আমরা এখন দুই কার্যদিবসেই দিচ্ছি।’ ব্যবসায়ী ও বন্দর সূত্রে জানা গেছে, রোজা শুরুর আগেই চিনিসংকট হলে ব্যবসায়ীরা চিনি আমদানিতে ঝুঁকে পড়েন। ব্রাজিল, আর্জেন্টিনা, থাইল্যান্ড ও ভারত থেকে গত ২০ দিনে বন্দরে প্রায় সোয়া দুই লাখ টন চিনি এসে পৌঁছে। এর মধ্যে পরিশোধিত চিনির পরিমাণ প্রায় ১৭ হাজার টন। এসব চিনির মধ্যে খালাস হয়েছে মাত্র দেড় হাজার টন।বন্দর সূত্রে জানা গেছে, পরিশোধিত চিনি ছাড়া দুই লাখ টন কাঁচা চিনি হিসেবে পরিশোধন কারখানার মালিকেরা আমদানি করেছেন। পরিশোধিত চিনি সরাসরি বাজারজাতকরণের সুযোগ থাকলেও কাঁচা চিনি পরিশোধন করে বাজারজাত করতে হয়। কাঁচা চিনির জন্য বিএসটিআইয়ের পরীক্ষার দরকার হয় না।ব্যবসায়ীরা জানান, ঈদের কয়েক দিন আগে থেকে চিনির চাহিদা বহুগুণ বেড়ে যায়। এ সময় বাজারে চিনির সরবরাহ যত বাড়ানো যাবে, ততই দাম বাড়ানোর সুযোগ কমবে।