জার্মানি থেকে আমদানি করা টেলিযোগাযোগ যন্ত্রপাতির একটি চালান চট্টগ্রাম বন্দরে তিন মাস ধরে আটকে আছে। এসব যন্ত্রপাতির আর্থিক মূল্য ১৫ লাখ ৬৫ হাজার ৭১২ ডলার (১০ কোটি ৮০ লাখ ৩৪ হাজার ১২৮ টাকা)। সরকারি মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক এসব যন্ত্রপাতি আমদানি করেছে। দুই কনটেইনার ভর্তি এই যন্ত্র বন্দরের সিসিটি ইয়ার্ডে আছে। নিয়মনীতি ভঙ্গ করে এসব যন্ত্রপাতি আমদানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আমদানি নীতি অনুযায়ী, টেলিযোগাযোগ যন্ত্রপাতি আমদানির আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনাপত্তিপত্র নেওয়া বাধ্যতামূলক। চট্টগ্রাম কাস্টম হাউস সূত্রে জানা যায়, টেলিটক এ ক্ষেত্রে কোনো অনাপত্তিপত্র নেয়নি। বরং গত ১১ জানুয়ারি এই পণ্যের চালান পরীক্ষার সময় বিটিআরসির যে অনাপত্তিপত্র দেখানো হয়, তা আগে খালাস হওয়া অন্য একটি চালানের ছিল বলে শনাক্ত করা হয়।এ সময় আমদানিকারকের প্রতিনিধি নকিয়া-সিমেন্স বাংলাদেশ লিমিটেডের লজিস্টিক কো-অর্ডিনেটর জয়প্রকাশ চৌধুরী আমদানি পণ্যের তালিকা (প্যাকিং লিস্ট) অনুযায়ী আমদানি পণ্য বুঝিয়ে দিতে পারেননি। এ কারণে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের আপত্তির মুখে পণ্য খালাস বন্ধ রাখা হয়। ইতিমধ্যে টেলিটক কর্তৃপক্ষ ভুলবশত আগের অনাপত্তিপত্র দেওয়া হয়েছে বলে জানিয়ে নতুন অনাপত্তিপত্র দাখিলের জন্য সময় নেয়। পরে বিটিআরসি থেকে ১৮ জানুয়ারি এবং ১৯ জানুয়ারি দুটি অনাপত্তি সংগ্রহ করে ২৮ জানুয়ারি চট্টগ্রাম কাস্টম হাউসে জমা দেয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ মার্চ একটি কনটেইনার দ্বিতীয়বার পরীক্ষা-নিরীক্ষার জন্য খোলা হয়। এবারও চালানের সঙ্গে অনাপত্তিপত্রে উল্লিখিত পণ্য তালিকার অমিল পাওয়া যায়। ফলে খালাস বন্ধ রাখা হয়। টেলিটকের ব্যবস্থাপক (লজিস্টিক) মো. হেদায়েতুল কবির প্রথম আলোকে বলেন, ‘পণ্য আমদানির আগেই অনাপত্তিপত্রের জন্য বিটিআরসির কাছে আবেদন করেছিলাম। কিন্তু পণ্য আমদানির আগে তারা অনাপত্তি দিতে পারেনি।’ সর্বশেষ অনাপত্তিপত্রের সঙ্গেও আমদানি চালানের অমিল থাকার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, কিছু পণ্য আগে খালাস করে নেওয়ায় অমিল হতে পারে। অসত্ উদ্দেশ্যে কোনো জালিয়াতির আশ্রয় নেওয়া হয়নি। তবে চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা টেলিটকের দলিলপত্র অনুযায়ী, টেলিটকের পক্ষ থেকে ১৪ জানুয়ারি অনাপত্তিপত্রের জন্য বিটিআরসির কাছে আবেদন করা হয় এবং ১৮ জানুয়ারি অনাপত্তিপত্র দেওয়া হয়। অথচ পণ্য চালানটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় গত ডিসেম্বরের শেষ সপ্তাহে। চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জামাল হোসেন প্রথম আলোকে জানান, টেলিটকের এই আমদানি চালানের সঙ্গে যে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে, তার সঙ্গে আমদানি পণ্য চালানের মিল নেই। এ কারণে চালানটি আটক করা হয়। মো. জামাল হোসেন বলেন, ‘টেলিযোগাযোগ যন্ত্রপাতির জন্য আমদানি করা অনেক যন্ত্রপাতি ভিওআইপির অবৈধ কাজে ব্যবহারের আশঙ্কা থাকে। এ কারণে চালানটি ভালোভাবে পরীক্ষা করে দেখছি।’ কেন্দ্রীয় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পরিচালক সৈয়দ মুশফিকুর রহমান বলেন, বিশেষজ্ঞ পর্যায়ের একজন প্রকৌশলীর মাধ্যমে পণ্য খালাসের ব্যবস্থা করতে গত রোববার বিটিআরসিকে চিঠি দেওয়া হয়েছে। এদিকে, জানা গেছে আজ বুধবার চালানটি আবার পরীক্ষা করে দেখা হবে। এ জন্য বিটিআরসি, টেলিটক এবং কেন্দ্রীয় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রতিনিধিকে থাকতে বলা হয়েছে।