বন্দরে ইটভাটা বন্ধের দাবি
নতুন একটি ইটভাটার নির্মাণকাজ ও পুরোনো দুটি ভাটার উৎপাদন বন্ধের দাবিতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ঝাড়ুমিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল বুধবার সকালে উপজেলার গোবিন্দকুল এলাকায় এ মিছিল সমাবেশ হয়। এর আগে তারা নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. সামছুর রহমানের কাছে স্মারকলিপি পেশ করে। মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আহমেদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন সিরাজুল ইসলাম, মনোরঞ্জন দাস, শাহাদাত্ হোসেন, সানাউল্লা, নাজিমউদ্দিন, নুরুজ্জামান প্রমুখ। তাঁদের অভিযোগ, গোবিন্দকুলে সম্প্রতি এমবিবিএফ ও বিবিএফ নামে দুটি ইটভাটা গড়ে ওঠে। ভাটা দুটির কালো ধোঁয়া, ধুলাবালি ও বর্জ্যের দুর্গন্ধে পরিবেশ হুমকির মুখে পড়েছে। শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা। সম্প্রতি আরও একটি ভাটা নির্মাণের চেষ্টা করছে প্রভাবশালী মহল। এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।