বন্দরে এক দিনে তিন লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের বন্দরে গতকাল রোববার তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। দুটি লাশের পরিচয় মিললেও একটির পরিচয় মেলেনি। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সকাল ১০টায় উপজেলার হরিপুরে শীতলক্ষ্যা নদী থেকে ভাসমান অবস্থায় জাকির হোসেন (২৫) ও কলাগাছিয়ার বুরুন্দি এলাকার ধানখেত থেকে অজ্ঞাত যুবকের (২৩) গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ছাড়া বন্দর শ্মশানঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে রিকশাচালক আ. মজিদের লাশ।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, গত শুক্রবার রূপগঞ্জ উপজেলার মঙ্গলকান্দি গ্রামের মৃত শাহাজাদ মিয়ার ছেলে জাকির হোসেন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। গতকাল সকালে বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। অপরদিকে, উপজেলার কলাগাছিয়া বুরুন্দী এলাকার একটি ধানখেতে অর্ধগলিত অজ্ঞাত (২৩) এক যুবকের লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। অন্যদিকে বন্দর উপজেলার শ্মশানের পুকুরঘাট এলাকায় আ. মজিদ নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে পৃথক মামলা হয়েছে।