বন্দরে এবার ডকইয়ার্ড শ্রমিককে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বাড়ির তত্ত্বাবধায়ককে কুপিয়ে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত না হতেই মো. ফয়সাল (২৩) নামের এক ডকইয়ার্ড শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার নবীগঞ্জ টি হোসেন গার্ডেন-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে বাড়ির তত্ত্বাবধায়ক আতাউর রহমান হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের ভাই সানাউল্লাহ তিনজনকে আসামি করে থানায় মামলা করেন। এ ঘটনায় পুলিশ সুচিয়ারবন্ধ এলাকা থেকে বাবু (৪৫) ও মদনগঞ্জ ইসলামপুর এলাকা থেকে মনির হোসেনকে গ্রেপ্তার করেছে।
মো. ফয়সাল বন্দরের নবীগঞ্জ শান্তিবাগে আবদুর রশিদের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় ফয়সালকে স্থানীয় কয়েকজন যুবক কুপিয়ে ফেলে রেখে যান। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) আবদুল্লাহ মাসুদ বলেন, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে ফয়সালকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।