বন্দরে কনটেইনারে দুই শ্রমিকের আটকে পড়ার ঘটনার তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে খালি কনটেইনারে আটকে পড়ে সিঙ্গাপুরে চলে যাওয়া দুই শ্রমিকের বিস্তারিত পরিচয় উদ্ঘাটন করতে পারেনি বন্দর কর্তৃপক্ষ। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি গত বৃহস্পতিবার থেকে কাজ শুরু করেছে। শ্রমিকদের পরিবারের পক্ষ থেকেও থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। ১ এপ্রিল রাতের পালায় কাজ করার ফাঁকে কনটেইনারের মধ্যে ঘুমিয়ে পড়েন বন্দর শ্রমিক মো. আলমগীর ও দ্বীন ইসলাম। সেদিন রাতেই কনটেইনারটি বন্ধ করে বন্দরের ১৩ নম্বর জেটিতে থাকা এমভি হ্যানসা ক্যালিডোনিয়া জাহাজে বোঝাই করা হয়।ঘুম ভাঙার পর দুই শ্রমিক বুঝতে পারেন, তাঁরা কনটেইনারের ভেতর আটকা পড়েছেন। নয় দিন পর সিঙ্গাপুর বন্দরে কনটেইনার নামানোর পর দেখা যায়, দ্বীন ইসলাম বেঁচে থাকলেও মারা গেছেন মো. আলমগীর।তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, বেঁচে থাকা দ্বীন ইসলাম চিকিৎসা শেষে গতকাল শুক্রবার সিঙ্গাপুরের হাসপাতাল ত্যাগ করেন। তাঁকে সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে আনার প্রক্রিয়া চলছে। জানা গেছে, যে জেটি থেকে জাহাজটি ছেড়ে গেছে, সেই জেটি পরিচালনা করছে বার্থ অপারেটর এভারেস্ট এন্টারপ্রাইজ। এভারেস্ট এন্টারপ্রাইজের মালিক শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘এই দুুই শ্রমিক আমাদের প্রতিষ্ঠানের নয়।’এমভি হ্যানসা ক্যালিডোনিয়া জাহাজ সিঙ্গাপুরে রপ্তানি কনটেইনার খালি করার পর আবার আমদানি কনটেইনার বোঝাই করে গত বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে এসেছে। জাহাজটি এখন বন্দরের ৬ নম্বর জেটিতে আছে। গতকাল সকালে তদন্ত কমিটি ওই জাহাজের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তদন্ত কমিটির প্রধান বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ‘জাহাজের হ্যাচের নিচে ৩ নম্বর সারিতে এই কনটেইনারটি রাখা ছিল। ফলে শ্রমিকেরা দরজায় আঘাত করার পরও কেউ শুনতে পায়নি। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।’