বন্দরে কারখানার ভেতরে কর্মকর্তা খুন, আটক ৪
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তুলা তৈরির একটি কারখানায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আবুল কাশেমকে (৬৫) হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ধামগড় কুঁড়িপাড়া এলাকায় অবস্থিত সিরাজ এন্টারপ্রাইজ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
আবুল কাশেম সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের মারবদী গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে।
সিরাজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, সকালে তাঁর কারখানার শ্রমিক শাহিদা কাজে এসে দেখেন কাশেমের কোনো সাড়াশব্দ নেই। পরে কাশেমের কক্ষে গিয়ে দেখতে পান তাঁর রক্তাক্ত লাশ পড়ে আছে। কী কারণে কারা কাশেমকে খুন করল, তিনি জানেন না।
সিরাজুল ইসলাম জানান, পুলিশ তাঁর ছেলে ফরহাদ, শ্রমিক শাহিদা, আবুল ও বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। রাত আটটা পর্যন্ত তাঁদের ছাড়া হয়নি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ জানান, নিহতের মাথা ও কপালে সাতটি আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময় তাঁকে খুন করা হয়।