বন্দরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সাথী আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার সোনাচরা ডকইয়ার্ডের স্টাফ কোয়ার্টারের একটি কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।
ঘটনার পর থেকে সাথীর স্বামী সালাউদ্দিন ও শ্বশুর বাহাউদ্দিন পলাতক। সালাউদ্দিন ও তাঁর বাবা উভয়ই সোনাচরা ডকইয়ার্ডে চাকরি করেন। গৃহবধূর চাচাতো ভাই মঞ্জুর জানান, দুই বছর আগে কুমিল্লা নগরের মৃত নূরুল ইসলামের মেয়ে সাথীর সঙ্গে সালাউদ্দিনের বিয়ে হয়। যৌতুকের এক লাখ টাকার জন্য সালাউদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা বিভিন্নভাবে সাথীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। রোববার সালাউদ্দিন তাঁর শাশুড়িকে ফোন করে টাকা নিয়ে বন্দরে তাঁদের বাড়িতে আসতে বলেন। কিন্তু অসুস্থ থাকায় তিনি আসতে অপারগতা প্রকাশ করলে সালাউদ্দিন এর পরিণাম ভালো হবে না বলে হুমকি দেন। একদিন পর গতকাল তাঁরা জানতে পারেন, সাথী মারা গেছেন।
মঞ্জুর অভিযোগ করেন, সালাউদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা তাঁর বোনকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখেন।
বন্দর থানার ওসি আক্তার মোর্শেদ জানান, ময়নাতদন্তের পর বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।