বন্দরে গ্যান্ট্রি ক্রেনের ক্ষতি নিরূপণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজের ধাক্কায় অচল হয়ে পড়া দুটি গ্যান্ট্রি ক্রেনের ক্ষয়ক্ষতি নিরূপণ করতে কাজ শুরু করেছে ক্রেন প্রস্তুতকারক জাপানের মিতসুবিশি কোম্পানির একটি দল। গতকাল বৃহস্পতিবার তাদের সঙ্গে এই কার্যক্রমে অংশ নেন বন্দর কর্তৃপক্ষ ও জাহাজ কোম্পানির প্রতিনিধিরাও।
গ্যান্ট্রি ক্রেনের সাহায্যে জাহাজ থেকে কনটেইনার ওঠানো ও নামানো হয়। বাংলাদেশে শুধু চট্টগ্রাম বন্দরে এ দুটিসহ মোট চারটি গ্যান্ট্রি ক্রেন রয়েছে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্ষয়ক্ষতি নিরূপণ করে তা বন্দর কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। মেরামতকাজ শুরু করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানা গেছে।
গ্যান্ট্রি ক্রেন মেরামত ও রক্ষণাবেক্ষণে নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন প্রথম আলোকে বলেন, শুক্রবার পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি জাপানে মিতসুবিশির কারখানার নকশা বিভাগের সঙ্গে বসে আলোচনা করবে। দুই সপ্তাহের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে বন্দরে প্রতিবেদন জমা দেওয়া হবে।
বন্দর সূত্র জানায়, ঈদের আগের দিন কনটেইনারবাহী ‘এমভি এক্সপ্রেস সুয়েজ’ ভেড়ানোর সময় প্রচণ্ড ধাক্কা দেয় জেটিতে। এতে জেটির ওপর রেল ট্র্যাকে থাকা দুটি ক্রেন ক্ষতিগ্রস্ত হয়। ২০০৫ সালে ১৫১ কোটি টাকায় চারটি গ্যান্ট্রি ক্রেন সংগ্রহ করে বন্দর কর্তৃপক্ষ।