বন্দরে চার দিন পানি সরবরাহ বন্ধ, ওয়াসা কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা পানি শোধনাগারের পাম্প বিকল হওয়ায় সেখানে চার দিন ধরে ওয়াসার পানি সরবরাহ বন্ধ রয়েছে। পানিসংকটের কারণে উপজেলার কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
পানি সরবরাহ বন্ধ থাকার ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে সোনাকান্দা এলাকায় এলাকাবাসী মানববন্ধন ও স্থানীয় ওয়াসা কার্যালয় ঘেরাও করেছেন।
আজ শনিবারের মধ্যে পানি সরবরাহ করা না হলে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন তাঁরা।
মানববন্ধনে বক্তারা বলেন, বন্দর উপজেলার সোনাকান্দা, দড়িসোনাকান্দা, ব্যাপারীপাড়া, ফরাজিকান্দা, নামাপাড়া, চৌধুরীপাড়া, গোরস্থানপাড়াসহ আশপাশের কয়েকটি এলাকায় চার দিন ধরে ওয়াসার পানি সরবরাহ বন্ধ রয়েছে। ফলে মানুষের দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। পানির জন্য গ্রামগুলোতে হাহাকার সৃষ্টি হয়েছে।
তাঁরা অভিযোগ করেন, এক বছর ধরে ওয়াসার পানির তীব্র সংকট চলছে। এমনিতেই চাহিদার তুলনায় ওয়াসা কম পানি উত্তোলন করে। এ ছাড়া লাইনে ত্রুটি থাকায় ওয়াসা ঠিকমতো পানি সরবরাহ করতে পারছে না। এর মধ্যে পাম্প বিকল হওয়ার কারণে গত মঙ্গলবার থেকে সোনাকান্দাসহ আশপাশের গ্রামগুলোতে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এক বছরের মধ্যে সোনাকান্দা পানি পরিশোধনাগারের নির্মাণকাজ করার কথা থাকলেও তা পাঁচ বছরেও শেষ হয়নি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন বলেন, শীতলক্ষ্যা নদীর পূর্ব পারে বন্দর উপজেলায় অবস্থিত এই ওয়ার্ডে পানির সমস্যা প্রায় দেড় বছরের পুরোনো। তবে প্রায় ছয় মাস ধরে সংকট প্রকট আকার ধারণ করেছে। এ ব্যাপারে ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়নি।
ঢাকা ওয়াসা নারায়ণগঞ্জ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মশিউল আলম বলেন, পাম্প বিকল হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সোনাকান্দা পানি শোধনাগারটি দ্রুত চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে।