বন্দরে চীনের হাসপাতাল জাহাজ আর্ক পিস
চীনের নৌবাহিনীর হাসপাতাল জাহাজ ‘আর্ক পিস’ ছয় দিনের সফরে গতকাল সোমবার সকালে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
সামরিক-বেসামরিক নাগরিকদের চিকিৎসাসেবা দিতে জাহাজটি ছয় দিন চট্টগ্রাম বন্দরে অবস্থান করবে।
গতকাল বেলা ১১টায় বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের ৫ নম্বর জেটিতে ভেড়ানো হয় জাহাজটি। এরপর নৌবাহিনীর রীতি
অনুযায়ী জাহাজটিকে স্বাগত জানান নৌবাহিনীর সহকারী প্রধান (লজিস্টিকস) রিয়ার অ্যাডমিরাল ছাইফুল কবীর। পরে অভ্যর্থনা
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জান এবং জাহাজে নেতৃত্ব প্রদানকারী মিশন কমান্ডার
রিয়ার অ্যাডমিরাল শেন হাও বক্তব্য দেন।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, এই জাহাজের চিকিৎসাসেবার মাধ্যমে দুই দেশের বন্ধুত্বের পরিধি আরও বাড়বে। পরিবর্তিত বৈশ্বিক
পরিস্থিতিতে বাংলাদেশ ও চীনের সম্পর্কোন্নয়ন এখন গুরুত্বপূর্ণ।
চীনের রাষ্ট্রদূত বলেন, ২০১০ সালের নভেম্বরে জাহাজটি প্রথম বাংলাদেশে আসে। সে সময় তিন হাজার ২০০ জনকে চিকিৎসাসেবা
দেওয়া হয়। এবার আরও বেশি লোকজনকে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা করেন।
মোট ৩০০ শয্যার এই হাসপাতালে ৪৬ জন বিশেষজ্ঞসহ ১০২ জন চিকিৎসাকর্মী রয়েছেন। প্রায় ১৭৮ মিটার লম্বা এবং ২৪ মিটার
প্রস্থের এই জাহাজে চিকিৎসকসহ মোট ৪১৩ জন কর্মকর্তা ও নাবিক রয়েছেন। গতকাল অভ্যর্থনা অনুষ্ঠানের পর বাংলাদেশে অবস্থিত
চীনা নাগরিকদের চিকিৎসাসেবা দেওয়া হয়। আজ মঙ্গলবার সামরিক সদস্যদের এবং কাল বুধবার থেকে সাধারণ লোকজনকে বিনা
মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। এ ছাড়া জাহাজের চিকিৎসা দল বিভিন্ন স্থানে দুস্থ ও গরিব লোকজনের মধ্যে বিনা মূল্যে চিকি
ৎসাসেবা প্রদান করবে।