চট্টগ্রাম বন্দরে কনটেইনার ও জাহাজ জট চলতে থাকলে অচিরেই দেশের গতিশীল অর্থনীতি মুখ থুবড়ে পড়বে বলে আশঙ্কা করছেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বন্দরনির্ভর একটি মাফিয়া চক্রের ষড়যন্ত্রের কারণে এই অবস্থা তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।
গতকাল মঙ্গলবার পত্রিকা অফিসে ই-মেইলে পাঠানো বিবৃতিতে মহিউদ্দিন চৌধুরী এসব কথা বলেন। বিবৃতিতে বলা হয়, জাহাজ ও কনটেইনার জটের কারণে ব্যবসায়ীরা অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য হচ্ছেন, যা পক্ষান্তরে সাধারণ ভোক্তার কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, সাধারণ জনগণের আশা ছিল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বহুগুণ বাড়বে। দেশের অর্থনীতিকেও গতিশীল করে তুলবে। কিন্তু বন্দরনির্ভর একটি মাফিয়া চক্র আমদানি-রপ্তানি কার্যক্রম জিম্মি করে ফেলেছে। তাদের ষড়যন্ত্রের কারণে কনটেইনার ও জাহাজ জট হচ্ছে। এই অব্যবস্থা ও ষড়যন্ত্রের কারণে বিদেশি জাহাজমালিকেরা বাংলাদেশে জাহাজ পাঠাতে অচিরেই আগ্রহ হারিয়ে ফেলবে বা জাহাজ ভাড়া বৃদ্ধি করতে বাধ্য হবে।
বিবৃতিতে বন্দরভিত্তিক মাফিয়া চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।