বন্দরে তুলার গুদামে আগুন, প্রহরীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দরে তুলার একটি গুদামে আগুন লেগে নুরুল ইসলাম নামের এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে উপজেলার ধামগড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম (৫০) উপজেলার রামনগর এলাকার মৃত আবদুল গফুর মিয়ার ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল ভোরে ধামগড়ে ইলিয়াস মিয়ার মালিকানাধীন একটি তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনে গুদামে থাকা বিপুল পরিমাণ তুলা ও ঝুট পুড়ে যায়। পাশের ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তুলার ছয়টি গুদাম, গুদামে থাকা ছয়টি ইজিবাইক ও তিনটি অটোরিকশা পুড়ে যায়। তুলার গুদামে ঘুমিয়ে থাকা নৈশপ্রহরী নুরুল ইসলাম ও আকবর আলী মারাত্মক দগ্ধ হন। তালা ভেঙে তাঁদের উদ্ধার করে নগরীর খানপুরে অবস্থিত ৩০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসকেরা নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আকবরকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।