বন্দরে দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের সময় দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে বন্দরের জেটিতে নোঙররত ‘এমভি লি শান’ জাহাজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক শফিক উল্লাহ (৫০) ও পেয়ার আহমেদ (৪৫) জেটিতে পণ্য খালাসে নিয়োজিত প্রতিষ্ঠান বার্থ অপারেটর কসমস এন্টারপ্রাইজের অধীনে কর্মরত ছিলেন। শফিক উল্লাহর বাড়ি নোয়াখালীতে। পেয়ার আহমেদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সাজেদ কামাল প্রথম আলোকে জানান, গাছের টুকরো খালাসের সময় পা পিছলে জাহাজের খোলে পড়ে ঘটনাস্থলেই শফিক উল্লাহ নিহত হন। গুরুতর জখম হওয়া পেয়ার আহমেদকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
এমভি লি শান জাহাজের স্থানীয় প্রতিনিধি কসকো (বাংলাদেশ) শিপিং লাইনস লিমিটেডের জে৵ষ্ঠ ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন খান প্রথম আলোকে বলেন, এই জাহাজে করে বিদেশ থেকে ৫৭৭টি গাছের টুকরো আনা হয়েছিল। খালাসের সময় জাহাজের ২ নম্বর হ্যাচে (জাহাজে পণ্য রাখার স্থান) এই দুর্ঘটনা ঘটে।