বন্দরে নতুন ইয়ার্ড থেকে কনটেইনার সরবরাহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের নতুন কনটেইনার ইয়ার্ড থেকে গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে কনটেইনার সরবরাহ শুরু হয়েছে। এতে বন্দর জেটিতে কনটেইনার ওঠানো-নামানোর কাজে গতি আসবে বলে মনে করছেন বন্দর কর্মকর্তারা।গতকাল বিকেলে বন্দরের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদের উপস্থিতিতে নতুন নর্থ কনটেইনার ইয়ার্ডে এই কার্যক্রম শুরু হয়। এ সময় বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জানা গেছে, বন্দরের মূল ইয়ার্ডের অদূরে আট হাজার ইউনিট কনটেইনার ধারণক্ষমতার এই ইয়ার্ডে আগে শুধু খালি কনটেইনার রাখা হতো। এখন থেকে এই ইয়ার্ডে আমদানি-রপ্তানি পণ্যবাহী কনটেইনার রাখা হচ্ছে। পাশাপাশি এই ইয়ার্ড থেকে কনটেইনার এবং কনটেইনারের মালামাল খুলে ট্রাকে করে সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। নর্থ ইয়ার্ডের আয়তন প্রায় ৬২ হাজার বর্গমিটার।বন্দর কর্মকর্তারা আশা করছেন, নর্থ ইয়ার্ড থেকে কনটেইনার সরবরাহ শুরু করার ফলে বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) কাজের চাপ এবং ট্রাকের আসা-যাওয়া অনেক কমবে।বন্দর সূত্রে জানা গেছে, বন্দরের কনটেইনার রাখার ধারণক্ষমতা আছে ৩০ হাজার ৮৮৬ ইউনিট। গতকাল বন্দরের ইয়ার্ডে ছিল ২০ হাজার ২১৫ ইউনিট কনটেইনার। বন্দরের সিসিটি ইয়ার্ডে একসঙ্গে অনেক ট্রাক-লরি ঢোকার কারণে কনটেইনার ও পণ্যসামগ্রী ওঠানো-নামানোর কাজ ব্যাহত হয়।