বন্দরে নারী খুনে জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছুরিকাঘাতে এক নারীর মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
দুপুরে দায়ী ব্যক্তিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। পরে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়।
নিহত নারীর পারিবারিক সূত্রের বিবরণ অনুযায়ী, ৯ অক্টোবর বন্দরের মদনগঞ্জ লক্ষ্যার চরের রলি খান পারিবারিক কলহের জের ধরে শাশুড়ি ফরিদা বেগমের (৪৫) পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এরপর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে গত সোমবার দুপুরে তিনি মারা যান।
স্থানীয় মোক্তার হোসেন জানান, ফরিদা বেগম কাজ করে কিছু টাকা জমান। এরপর সেই টাকায় একটি গরু কিনে লালন-পালন করেন। পরে গরুটি ৫০ হাজার টাকায় বিক্রি করেন। গরু বিক্রির টাকা নিতে জামাতা রলি খান শাশুড়িকে ছুরিকাঘাত করেন। এরপর টাকা নিয়ে পালিয়ে যান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।