আমদানি-রপ্তানি পণ্যের শুল্কায়নে ওয়েব ভিত্তিক অ্যাসাইকুডা ওয়ার্ল্ড পদ্ধতিতে কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হচ্ছে। গত রোববার থেকে এ সমস্যা চলছে। ব্যবসায়ীসহ বন্দর ব্যবহারকারীদের এই ক্ষতি পুষিয়ে নিতে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার চট্টগ্রাম কাস্টম হাউস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।
কাস্টমস সূত্র জানায়, বন্দরের জেটিতে জাহাজ ভেড়ার আগে অনলাইনে (অ্যাসাইকুডা ওয়ার্ল্ড) আমদানির প্রাথমিক তথ্য বা আইজিএম দাখিল করতে হয়। এর বিপরীতে অনলাইনে একটি নিবন্ধন নম্বর দেওয়া হয়। বন্দর কর্তৃপক্ষ এই আইজিএম পাওয়ার পর জাহাজ থেকে পণ্য খালাস শুরু করা হয়। জাহাজ থেকে পণ্য নামানো থেকে শুরু করে বন্দর চত্বর থেকে পণ্য খালাসের দালিলিক কার্যক্রম অনলাইনে সম্পন্ন হয়।
গতকাল সকাল ১০টায় বন্দর জেটিতে ভেড়ে কনটেইনারবাহী জাহাজ এমভি হানসা সেনচুরিয়ান। সন্ধ্যা সাতটা পর্যন্ত এই জাহাজ থেকে একটি কনটেইনারও নামানো যায়নি। এই জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্লোবলিংক অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন আ ফ ম রহমতুল বারী প্রথম আলোকে বলেন, নিবন্ধন নম্বর না পাওয়ায় জাহাজ থেকে পণ্য খালাস করা যাচ্ছে না। রাতে নিবন্ধন নম্বর পেলে পণ্য খালাস শুরু হতে পারে। এই জাহাজের মতো আরও চারটি জাহাজকে গতকাল একই সমস্যায় পড়তে হয়েছে।
কাস্টমসের অতিরিক্ত কমিশনার মো. আজিজুর রহমান গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অ্যাসাইকুডা ওয়ার্ল্ডে ত্রুটির কারণে জাহাজ থেকে পণ্য নামানো ও পণ্য খালাস কার্যক্রমে কিছুটা ধীরগতি হয়েছে। তবে দিনে সমস্যা হলেও রাতে কাস্টম হাউস খোলা রাখায় তা পুষিয়ে নেওয়া হচ্ছে। সমস্যা নিরসনে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থার (আঙ্কটাড) বিশেষজ্ঞরা বৃহস্পতিবার দেশে এসে পৌঁছেছেন। শুক্র ও শনিবার পুরোদমে কার্যক্রম চালু রেখে সাময়িক ক্ষতি পুষিয়ে নেওয়া হবে।
সফটওয়্যার সমস্যার কারণে বন্দর চত্বর থেকে পণ্য খালাসেও বিলম্ব হচ্ছে। বন্দর সূত্র জানায়, শুল্কায়ন-প্রক্রিয়া শেষ হওয়ার পর গতকাল প্রায় ৯০০ কনটেইনার খালাসের জন্য বন্দরের কাছে চাহিদাপত্র জমা দেন আমদানিকারকের প্রতিনিধিরা। সাধারণত বৃহস্পতিবার দুই থেকে আড়াই হাজার কনটেইনার খালাস হয়। কিন্তু গত রোববার থেকে বুধবার পর্যন্ত চার দিনে গড়ে দিনে দেড় হাজার কনটেইনার খালাস হয়েছে। স্বাভাবিক সময়ে গড়ে ২ হাজার ৩০০ কনটেইনার খালাস হয়।