বন্দরে পাঁচ কনটেইনার আর্ট পেপারের খালাস স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আমদানি করা পাঁচ কনটেইনার ‘আর্ট পেপার’ খালাস স্থগিত করেছে শুল্ক কর্তৃপক্ষ। এই পণ্য চালানে প্রায় ৪০ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পণ্য চালানটির খালাস স্থগিত করা হয়। এর আগে পণ্যের কায়িক পরীক্ষা সম্পন্ন হয়। এতে আমদানিকারকের দেওয়া ঘোষণার সঙ্গে বাস্তব পণ্যের বেশ গরমিল পাওয়া যায়।ঢাকার মেসার্স নিলা প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড কোরিয়া থেকে পাঁচ কনটেইনার ৩০০ ‘জিএসএম’ পুরুত্বের আর্ট কার্ড আমদানির ঘোষণা দেয়। প্রায় ১০০ মেট্রিক টন ওজনের এই পণ্যের মূল্য ঘোষণা করা হয় সাড়ে ৭২ লাখ টাকা। ২০ সেপ্টেম্বর বন্ড লাইসেন্সের আওতায় খালাসের জন্য আমদানিকারক নথিপত্র দাখিল করেন কাস্টমস হাউসে।কিন্তু এই পণ্য চালানে শুল্ক ফাঁকির চেষ্টা করা হচ্ছে সন্দেহে বৃহস্পতিবার কাস্টমস হাউসের রপ্তানি বিভাগের গোয়েন্দা শাখা এবং চট্টগ্রামের শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগের কর্মকর্তারা পণ্য চালানের কায়িক পরীক্ষা করেন। এ সময় আমদানিকারকের পক্ষে পণ্য খালাসে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট ওভারসিস বিজনেস হাউস লিমিটেডের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। যৌথ এই কায়িক পরীক্ষায় আর্ট কার্ডের পুরুত্ব পাওয়া যায় ১৫০/১৭০ জিএসএম। কাস্টমস বন্ড কমিশনারেটের ২০০৮ সালের ৩০ সেপ্টেম্বরের আদেশ অনুযায়ী, বন্ডের আওতায় আর্ট কার্ড ৩০০ ‘জিএসএমের’ নিচে আমদানিযোগ্য নয়। এ কারণে এসব পণ্য খালাস স্থগিত অর্থাৎ আটক করা হয়েছে।কাস্টমস হাউসের গোয়েন্দা বিভাগের প্রধান রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, দণ্ড আরোপসহ পণ্য চালানটি কেন রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে না, তার কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে আমদানিকারককে।এ বিষয়ে জানতে চাইলে আমদানিকারকের প্রতিনিধি সিঅ্যান্ডএফ এজেন্ট ওভারসিস বিজনেস হাউস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল মোস্তফা প্রথম আলোর কাছে স্বীকার করেন, ‘ঘোষণা অনুযায়ী আমদানি পণ্য পাওয়া যায়নি। এটা আমদানিকারকই ভালো বলতে পারবেন। বিষয়টি আমরা কাস্টমস হাউসকেও জানিয়েছি।’