বন্দরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দরে পানিতে ডুবে রাহাত হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় নবীগঞ্জের কদম রসুল কলেজের সামনে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটি বন্দরের কলেজ মাঠ এলাকার আনোয়ার মাস্টারের বাড়ির ভাড়াটে দুলাল মিয়ার ছেলে।
দুলাল মিয়া জানান, সিটি করপোরেশনের পক্ষ থেকে বন্দরের ২৩ নম্বর ওয়ার্ডে ১০০ ফুট চওড়া রাস্তা নির্মাণ করা হচ্ছে। রাস্তা নির্মাণের জন্য ড্রেজার দিয়ে বালু ভরাটের কাজ করা হচ্ছে। বেলা ১১টার দিকে প্রচণ্ড গরমে তাঁর ছেলেসহ স্থানীয় ১০-১২ জন শিশু ড্রেজারের পাইপ দিয়ে বালুর সঙ্গে আসা পানির মধ্যে লাফালাফি করে। সঙ্গে থাকা শিশুদের অজান্তে তাঁর ছেলে পানিতে তলিয়ে বালুচাপা পড়ে যায়। খবর পেয়ে তিনি নিজে অনুসন্ধান চালিয়ে ছেলেকে উদ্ধার করে গুরুতর অবস্থায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি বলেন, তাঁর দুই ছেলে। বড় ছেলে রাহাত ও ছোট ছেলে ইয়ামিন। কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি ছেলেকে হারিয়েছি, আমার কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমার ছেলেকে কেউ মারেনি। এটি একটি দুর্ঘটনা।’
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, নিরাপত্তাবেষ্টনী না দিয়েই সাবধানতা ছাড়া ড্রেজিংয়ের মাধ্যমে বালু ভরাটের কারণে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।