বন্দরে পারটেক্সের কারখানার আগুন এখনো নেভেনি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর হরিপুর এলাকায় পারটেক্স গ্রুপের মালিকানাধীন স্টার পার্টিকেল বোর্ড মিলের গুদামের আগুন এখনো নেভেনি। সোমবার সন্ধ্যা থেকে অগ্নিকাণ্ডের পর গতকাল মঙ্গলবার রাত নয়টা পর্যন্ত আগুন জ্বলছিল।স্টার পার্টিকেল বোর্ড মিলের পরিচালক (প্রশাসন) কামরুজ্জামান জানান, আগুন লাগা গুদামটির দৈর্ঘ্য ৫৬০ ফুট, প্রস্থ ২৮০ ফুট ও উচ্চতা ৫০ ফুট। মেকানিক্যাল ও ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে পুড়ে গেছে গুদামে রাখা রপ্তানি ও স্থানীয় বাজারের জন্য তৈরি করে রাখা বিপুল পরিমাণ বোর্ড, ফিনিশিং ফার্নিচার, বিদেশ থেকে আমদানি করা ব্লক, মেশিনারিজ, আসবাব, কম্পিউটারসহ মূল্যবান কাগজপত্র। এদিকে আগুন নেভাতে গিয়ে অন্তত অর্ধশত আহত হয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আহসানুল কবির জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোমবার সন্ধ্যা থেকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগুন নেভানোর জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন ১৪টি পাম্প ও ব্রাঞ্চ পাইপের সাহায্যে পানি দেওয়া হচ্ছে। গতকাল রাত নয়টা পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। এখনো পাটখড়ি পুড়ছে। আশা করা হচ্ছে, রাতের মধ্যেই আগুন পুরোপুরি নেভানো সম্ভব হবে।ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণে তদন্ত করে দেখা হবে। তদন্তের আগে ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব নয়। এদিকে গতকাল বিকেল পর্যন্ত ঘটনা সম্পর্কে বন্দর থানায় কোনো অভিযোগ করেনি মিল কর্তৃপক্ষ।