বন্দর উপজেলার মদনপুর এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় পুলিশের উপস্থিতিতে হামলায় ২০ জন আহত হয়েছে। পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদ করায় শারীরিক প্রতিবন্ধী এক বৃদ্ধকে গলা চেপে ধরে মারধর করেছেন পুলিশের এক উপপরিদর্শক।প্রত্যক্ষদর্শীরা জানান, মদনপুর এলাকায় জমির মালিকানা নিয়ে তৈয়ব আলী ও কামাল হোসেনের মধ্যে বিরোধ রয়েছে দীর্ঘদিন ধরে। এই বিরোধের জের ধরে গতকাল সকাল সাড়ে ১০টায় কামাল হোসেনের পক্ষের সন্ত্রাসীরা হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও নীরব ভূমিকা পালন করে। পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীরা তাণ্ডব চালায়। পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানালে বন্দর থানার ধামগড় ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মিন্টু মোল্লা তৈয়ব আলীর ভাই কাশেম আলীর গলা চেপে ধরে মারধর করেন। হামলায় সোহেল রানা (২৪), হানিফ (৩৫), জয়নাল (৭০), মামুন (১৮), জুলিয়া (২৪), মাফিয়া (৪১), জনি (২৭), রাসেলসহ (১৬) ২০ জন আহত হয়েছেন।আহত ব্যক্তিদের নারায়ণগঞ্জ ও বন্দরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।তৈয়ব আলীর ভাতিজা আহত সোহেল রানা অভিযোগ করেন, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ করতে মদনপুর ইউনিয়ন পরিষদের সদস্য খলিলুর রহমানের নেতৃত্বে এই হামলা চালানো হয়।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। পুলিশের নিষ্ক্রিয় থাকার অভিযোগ সত্য নয়। পুলিশই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।