বন্দরে পৌঁছেছে সরকারি চালের দ্বিতীয় চালান
ভিয়েতনাম থেকে সরকারিভাবে আমদানি চালের দ্বিতীয় চালান দেশে পৌঁছেছে। গতকাল সোমবার সকালে ‘এমভি প্যাক্স’ নামের জাহাজটি ২৭ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভেড়ে। এ নিয়ে সরকারি আমদানির ৪৭ হাজার টন চাল দেশে এসে পৌঁছেছে।
এর আগে গত ১৩ জুলাই চালের ২০ হাজার টন চালের প্রথম চালান নিয়ে ‘এমভি ভিসাত ভিসিটি-০৫’ বন্দরে পৌঁছে। এই জাহাজ থেকে বহির্নোঙরে ছোট জাহাজে চাল স্থানান্তর করা হচ্ছে।
খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার জেটিতে নতুন আসা জাহাজ থেকে চাল খালাস শুরু হতে পারে।
বন্যায় ফসলের ক্ষতি ও সরকারি মজুদ কমে আসায় সম্প্রতি ভিয়েতনাম থেকে আড়াই লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। গত ১৪ জুন সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রীসভা কমিটিতে ৯০৮ কোটি ৮৫ লাখ টাকায় এই চাল আমদানির সিদ্ধান্ত হয়।
সরকারের সঙ্গে ভিয়েতনাম সরকারের চুক্তি অনুযায়ী, টনপ্রতি ৪৩০ ডলার দরে ২ লাখ টন আতপ এবং টনপ্রতি ৪৭০ ডলার দরে ৫০ হাজার টন সেদ্ধ চাল কেনা হচ্ছে। ভিয়েতনামের রাষ্ট্রায়াত্ব কোম্পানি ভিনাফুড টু এই চাল সরবরাহ করছে। আমদানি করা চালের ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে এবং ৪০ শতাংশ মোংলা বন্দর দিয়ে খালাস হবে।