বন্দরে বন্দরে ট্রাকের সারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণাঞ্চলের ২১ জেলায় ডাকা পণ্যবাহী পরিবহন ধর্মঘট গতকাল মঙ্গলবার বিকেল চারটায় প্রত্যাহার করা হয়েছে। তবে গত সোমবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে হাজারো পণ্যবাহী ট্রাক সড়কে আটকা পড়ে। আজ বুধবার পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
সংশ্লিষ্ট এলাকায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গতকাল দুপুর ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তাঁর কার্যালয়ের সভাকক্ষে বৈঠক করেন পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। বৈঠক শেষে জানতে চাইলে সংগঠনটির সদস্যসচিব আবদুর রহিম বক্স প্রথম আলোকে বলেন, ১২ দফা দাবি নিয়ে বৈঠক হয়েছে। এ ব্যাপারে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে। এ কারণে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
তবে বেনাপোল বন্দরের বাশকলে পেঁয়াজ এবং রপ্তানিমুখী শিল্পের যন্ত্র ও যন্ত্রাংশবোঝাই অন্তত ৫০টি ট্রাক গতকাল বিকেল পর্যন্ত থেমে ছিল। এ ছাড়া অন্তত ৭০০ ট্রাক পণ্য শুল্কায়ন হয়ে বন্দর থেকে বের হওয়ার অপেক্ষায় থাকে। ধর্মঘট প্রত্যাহার হলেও বন্দরে পর্যাপ্ত খালি ট্রাক না থাকায় পণ্য ওঠানো যায়নি। বন্দর স্বাভাবিক হতে আরও এক দিন সময় লাগতে পারে বলে বন্দর ব্যবহারকারীরা জানিয়েছেন।
জানতে চাইলে বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (প্রশাসন) মো. রেজাউল করিম বলেন, ধর্মঘটের প্রথম দিন সোমবার চালান নিয়ে মাত্র ছয়টি ট্রাক বন্দর ছেড়ে যায়। গতকাল কোনো ট্রাক বন্দর ছাড়তে পারেনি।
যশোর সদর উপজেলার বারীনগর পাইকারি সবজির মোকাম থেকে দুই দিনে কোনো ট্রাক সবজি নিয়ে কোথাও যেতে পারেনি। এ কারণে অনেক কম দামে সবজি বেচাকেনা হয়েছে। কয়েকজন কৃষক বলেন, এ হাটে গতকাল বেগুন পাঁচ টাকা, ফুলকপি সাত, শিম পাঁচ ও বাঁধাকপি পাঁচ থেকে ছয় টাকায় বিক্রি হয়েছে।
ফরিদপুরে ধর্মঘটের নেতিবাচক প্রভাব পড়ে কাঁচা পণ্য আড়তদার ও পাইকারদের ওপর। ফরিদপুরের কাঁচামাল ব্যবসায়ী মতিয়ার মোল্লা বলেন, এরই মধ্যে প্রায় শেষ হয়ে গেছে আলু, কাঁচা মরিচ, শসাসহ আড়তের কাঁচামাল। কাজ না থাকায় অলস সময় কাটান শ্রমিকেরা।
সাতক্ষীরার ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ পণ্যবাহী ট্রাক ভোমরা স্থলবন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে মালামাল নিয়ে যায়। কিন্তু ভারত থেকে মালামাল আনা হলেও ধর্মঘটের কারণে বন্দর থেকে দেশের কোথাও ব্যবসায়ীরা তা পাঠাতে পারেননি। ভোমরা ও ঘোজাডাঙ্গা স্থলবন্দরের দুই পাশে প্রায় ৭০০ ট্রাকের জট সৃষ্টি হয়। এর শতাধিক ট্রাক কাঁচামালের।
খুলনার সবচেয়ে বড় পাইকারি কাঁচাবাজারে গত সোমবার পণ্য এসেছিল অর্ধেকেরও কম। ওই বাজার থেকে দেশের অন্য কোনো স্থানে কাঁচামাল সরবরাহ করা হয়নি।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ২৮ ডিসেম্বর জারি করা ট্রাক ও কাভার্ড ভ্যানের সাইড অ্যাঙ্গেল, বাম্পার ও হুক অপসারণ-সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল, অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণকেন্দ্র স্থাপন, ওয়েব্রিজে জরিমানা বাতিল, ১২ হাজার টাকা স্কেল জরিমানা প্রত্যাহার, ফেরিঘাটে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধ, কাগজপত্র পরীক্ষার নামে পুলিশি হয়রানি বন্ধ, জ্বালানি তেলের দাম কমানোসহ ১২ দফা দাবিতে সোমবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।