বন্দরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোন ও তাঁর স্বামীসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নূর মোহাম্মদ (৬৫) নামের এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত শনিবার রাতে উপজেলার কেওঢালা এলাকায় এ ঘটনা ঘটে। নূর মোহাম্মদ ওই এলাকার মৃত আয়াত আলীর ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নূর মোহাম্মদের ছোট বোন উমেনা বেগম ও তাঁর স্বামী বাবুল মিয়া এবং পেশাদার খুনি হিসেবে পরিচিত হত্যা মামলার ৩১ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোসলেমকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উমেনা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, কেওঢালা বাসস্ট্যান্ড্রেনূর মোহাম্মদের মুদির দোকান রয়েছে। শনিবার রাত ১০টার দিকে তিনি দোকান বন্ধ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে সন্ত্রাসীরা তাঁকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে তদন্তের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ছোট বোন উমেনার সঙ্গে নূর মোহাম্মদের জমি নিয়ে বিরোধ রয়েছে। ওই রাতেই উমেনা ও তাঁর স্বামীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোসলেমকে গ্রেপ্তার করা হয়। মোসলেম উপজেলার নূর আলম হত্যা মামলার ৩১ বছরের সাজাপ্রাপ্ত আসামি। পাঁচ বছর আগে কেওঢালা এলাকায় নূর আলমকে হত্যা করা হয়। ওই মামলায় জামিনে বের হয়ে পলাতক ছিলেন মোসলেম।পুলিশ সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উমেনা জানিয়েছেন, নূর মোহাম্মদের সঙ্গে তাঁর জমি নিয়ে বিরোধ ছিল। তিনি দাবি করেন, তাঁর ভাই তাঁকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। এ কারণে তিনি ভাইকে হত্যার জন্য মোসলেমকে ভাড়া করেন। উমেনার এক ছেলে মালয়েশিয়া ও এক মেয়ে দুবাই থাকেন। খুনের বিনিময়ে উমেনা মোসলেমকে ওই দুটি দেশের একটিতে পাঠানোর ব্যবস্থা করবেন বলে শর্ত ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, গ্রেপ্তার করা তিনজনকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় নিহত নূর মোহাম্মদের স্ত্রী মোর্শেদা বেগম বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।