বন্দরে যুবদল নেতাকে গুলি ও কুপিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় যুবদলের এক নেতাকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার সকালে লাঙ্গলবন্দ এলাকায় আহত যুবদলের নেতা আবুল কালামকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বন্দর থানার কামতাল তদন্তকেন্দ্রের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম সাংবাদিকদের জানান, সকাল সাড়ে নয়টার দিকে আবুল কালাম লাঙ্গলবন্দ বাজারের একটি চায়ের দোকানে বসে কথা বলছিলেন। এ সময় প্রতিপক্ষ জীবন তাঁর বেশ কয়েকজন সহযোগী নিয়ে কালামের ওপর হামলা চালান। এ সময় কালামকে লক্ষ্য করে গুলি ছুড়লে তাঁর পেটে লাগে। অন্যরা কালামের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপায়।এসআই হালিম বলেন, ঘটনাস্থল থেকে জীবনকে পালাতে সহায়তা করার অভিযোগে এলাকাবাসী জীবনের মাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আবুল কালাম উপজেলার কামতাল এলাকার আমির হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে জীবনদের সঙ্গে তাঁদের বিরোধ চলছে। এর আগেও জীবনের মামা বাদশা খান কালামকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছিলেন বলে এলাকাবাসী জানিয়েছে। সেই মামলায় বাদশা খান বর্তমানে জেলহাজতে।আবুল কালাম যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও তাঁর পদ সম্পর্কে জানাতে পারেননি শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল।