বন্দরে লাইটার জাহাজডুবি, উদ্ধার ৯, নিখোঁজ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে গত সোমবার রাতে ডুবে যাওয়া লাইটার জাহাজ ‘এমভি খান সন্স-১’ এর দুজন নাবিক এখনো নিখোঁজ রয়েছেন। জাহাজটির ১১ জন নাবিকের মধ্যে ৯ জনকে তিনটি জাহাজের মাধ্যমে উদ্ধার করা হয়েছে বলে বন্দর সূত্র নিশ্চিত করেছে।
নিখোঁজ দুজন হলেন জাহাজটির মাস্টার সাইফুল ইসলাম (বাদশা মিয়া) ও ইঞ্জিন চালকের সহকারী সাইফুল ইসলাম। তাঁদের খোঁজে গতকাল মঙ্গলবারও কোস্টগার্ড ও বন্দরের উদ্ধারকারী জাহাজের সাহায্যে সাগরে তল্লাশি চালানো হয়। বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর লাইটার জাহাজটির নয়জন নাবিককে তিনটি জাহাজের মাধ্যমে উদ্ধার করা হয়। তবে দুজনকে উদ্ধার করা যায়নি।
সোমবার রাত ৯টা ৫০ মিনিটে এমভি সেন্টি ভ্যালিয়েন্ট জাহাজ থেকে এমভি খান সন্স-১ নামের একটি লাইটার জাহাজে সিমেন্ট শিল্পের কাঁচামাল জিপসাম স্থানান্তর করা হচ্ছিল। এ সময় কাছাকাছি থাকা এমভি গ্রেট সিনারি নামের আরেকটি বড় জাহাজ এসে ধাক্কা দেয় লাইটার জাহাজটিকে। এতে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লাইটার জাহাজটি ডুবে যায়।
উদ্ধার হওয়া নাবিকদের সঙ্গে কথা বলেছেন লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর এমভি সিটি-১১ ও এমভি অলিম্পিক-৯ নামের দুটি লাইটার জাহাজে তিনজন করে ছয়জনকে সোমবার রাতেই উদ্ধার করা হয়।