চট্টগ্রাম বন্দরের সেবার মান বাড়াতে ২০টি সুপারিশ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার কর্তৃপক্ষের সঙ্গে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংস্থার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বন্দরের বোর্ডরুমে অনুষ্ঠিত ওই বৈঠক প্রায় পৌনে তিন ঘণ্টা চলে। মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যবহারকারী সংস্থাগুলোর সঙ্গে বন্দর কর্তৃপক্ষ এই প্রথম এ ধরনের বৈঠক করল। বৈঠকে বন্দরের চেয়ারম্যান বন্দর পরিস্থিতির অবনতি এবং সেবার মান কমে যাওয়ার কথা স্বীকার করেন।বৈঠকে গৃহীত সুপারিশের মধ্যে রয়েছে—ব্যবহারকারী সংস্থাগুলোর সঙ্গে মাসে অন্তত দুবার বৈঠকে বসা, বন্দরের কনটেইনার আসা-যাওয়ার সব ফটক পাঁচটার পরিবর্তে রাত আটটা পর্যন্ত খোলা রাখা, আমদানি-রপ্তানির সময় জাহাজ থেকে কনটেইনার খালাসে কিংবা জাহাজে বোঝাই করতে দেরির সম্ভাবনা থাকলে এগুলো জেটিতে রাখার আলাদা জায়গা করা, বন্দর এক্সেস সড়কের মুখে কাস্টমস বুথ চালু, চিটাগাং কনটেইনার টার্মিনালে যেসব জাহাজ ভিড়বে, সেগুলোর কনটেইনার সরাসরি এনসিটি ইয়ার্ডে রাখা, বন্দরের ইয়ার্ড থেকে খালি কনটেইনার দ্রুত সরিয়ে নেওয়া, রপ্তানিপণ্য জাহাজীকরণের সময়সীমা শিথিল না করা, ছয় জেটির দরপত্র দ্রুত শেষ করে অক্টোবরের মধ্যে কার্যাদেশ দেওয়া, যন্ত্রপাতি সরবরাহ বাড়ানো ইত্যাদি।বৈঠক সূত্রে জানা গেছে, শুরুতে বন্দর চেয়ারম্যান আর ইউ আহমেদ বন্দরের বিভিন্ন সমস্যা এবং এগুলো সমাধানের উপায় নিয়ে উপস্থাপনা করেন। এরপর ব্যবহারকারী সংস্থাগুলোর প্রতিনিধিদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। বৈঠকে বন্দর ব্যবহারকারী সংস্থাগুলোর প্রতিনিধিরা জাহাজের গড় অবস্থান সময় বৃদ্ধি, বন্দরের সংরক্ষিত এলাকা থেকে পণ্য চুরি, পণ্য খালাসে বেশি সময় লাগানোসহ বন্দরের সেবার মান কমে যাওয়ার অভিযোগ তুলে ধরেন। এর আগেই বন্দর পরিস্থিতি উন্নয়ন নিয়ে ব্যবহারকারী সংস্থাগুলো সুনির্দিষ্ট সুপারিশ পেশ করে। বৈঠকে এসব সুপারিশ নিয়ে আলোচনা হয়। বৈঠকে শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি কামাল হায়াত ও সহসভাপতি পারভেজ আহমেদ, বিজিএমইএ ও শিপার্স কাউন্সিলের প্রতিনিধি জসীম ইউ আহমেদ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এ এম মাহবুব চৌধুরী, বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ক্যাপ্টেন আহসান আজিজ, ফ্রেইট ফরোয়ার্ডারস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মোবাশ্বের আহমেদ বক্তব্য দেন।বৈঠক শেষে বন্দর চেয়ারম্যান আর ইউ আহমেদ সাংবাদিকদের বলেন, ব্যবহারকারীরা বন্দর পরিস্থিতির উন্নয়নে সহযোগিতা করতে সম্মত হয়েছে। বন্দরের দক্ষতা কমে যাওয়ার ছয়টি কারণ তুলে ধরে চেয়ারম্যান বলেন, গত চার মাস বন্দর পরিস্থিতির অবনতি হয়েছে। জাহাজে কনটেইনার পরিবহনের হার ৩০ শতাংশ বেড়ে যাওয়ায় পণ্য বোঝাই ও খালাসে বেশি সময় লাগছে। এ ছাড়া বন্দরের ব্যবস্থাপনায় পণ্য ওঠানো-নামানোর কাজ চালু হওয়ায় ধীরগতি, ক্রেনবিহীন জাহাজের সংখ্যা বেড়ে যাওয়া এবং ট্রেইলরের অভাবে পরিস্থিতির অবনতি হয়েছে। এসব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে বন্দরের সেবার মান কিছুটা হলেও বেড়েছে দাবি করে বন্দর চেয়ারম্যান বলেন, জাহাজের গড় অবস্থান সময় এখন চার দিনের নিচে নেমে এসেছে। ঢাকার কমলাপুর আইসিডিগামী কনটেইনারের সংখ্যাও এক হাজার ৭০০ ইউনিট থেকে ২৫০ ইউনিটে নেমে এসেছে। এফসিএল (একক আমদানিকারকের পণ্য যে কনটেইনারে আসে) ও এলসিএল (একসঙ্গে একাধিক আমদানিকারকের পণ্য যে কনটেইনারে করে আনা হয়) কনটেইনার সরবরাহের সময়ও স্বাভাবিক হয়ে এসেছে।