বন্দরে হামলায় আহতের মৃত্যু, জড়িতদের গ্রেপ্তারের দাবি
নারায়ণগঞ্জের বন্দরে গত শুক্রবার প্রতিপক্ষের হামলায় আহত মনির হোসেন রোববার রাতে হাসপাতালে মারা গেছেন। গতকাল সোমবার হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে উপজেলার কেওঢালা এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে বন্দরের মদনপুর ইউনিয়নের কেওঢালা এলাকায় একটি পরিত্যক্ত ইটভাটার জায়গায় ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। সে সময় স্থানীয় মো. বাবু মিয়া নামের একজন এক শিশুকে পাশের শফিকুল ইসলামের মুদিদোকান থেকে সিগারেট আনতে পাঠান। দোকানদার শফিকুল শিশুকে সিগারেট না দিয়ে উল্টো শাসিয়ে দেন। এ ঘটনায় একই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে মাসুদ ও তাঁর ভাই মাসুমের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল দোকানে গিয়ে শফিকুলকে গালাগাল করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে আশপাশের লোকজন পরিস্থিতি শান্ত করেন। এর ঘণ্টা খানেক পর দ্বিতীয় দফায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ ছালামের অনুসারী মাসুদ, তাঁর ভাই মাসুমসহ ১০-১২ জন শফিকুলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে শফিকুলের ভাই মনির হোসেনের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় মনিরকে প্রথমে রাজধানীর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই হামলাকারীদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে ইউপি চেয়ারম্যান এম এ ছালাম ও তাঁর ভাই আলীনুর তাঁদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।
গ্রেপ্তার চারজন হলেন মাসুদ, মাসুম, সাজিদ ও শফিকুল। সংঘর্ষের ঘটনার দিন রাতে কেওঢালা এলাকার সুরুজ মিয়ার ছেলে মোস্তফা বাদী হয়ে সাতজনকে আসামি করে একটি এবং একই এলাকার আবদুর রহমান মিয়ার ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে আটজনকে আসামি করে পাল্টা আরেকটি মামলা করেন। এদিকে ট্রমা সেন্টার থেকে মনির হোসেনকে রাজধানীর বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁকে আইসিইউতে রাখা হয়। রোববার রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
গতকাল দুপুরে মনির হোসেনের মৃত্যুর ঘটনায় এলাকার লোকজন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় মানববন্ধন করেছেন।
নিহত মনির হোসেনের ভাই শফিকুল ইসলাম বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বাড়িঘরে হামলা চালানো হয়েছে। আমার ভাই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেও উল্টো আমাদের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ। গ্রেপ্তার দুই আসামি আদালত থেকে জামিনে বেরিয়ে এসে আমাদের হুমকি দিচ্ছে। আমরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
ইউপি চেয়ারম্যান এম এ ছালাম বলেন, ‘আমাদের কোনো লোক হামলা করেনি। পুলিশ এলাকার লোকজনকে ধরে নিয়ে গেলে তাঁদের ছাড়াতে যাওয়া জনপ্রতিনিধি হিসেবে স্বাভাবিক ঘটনা। এতে দোষের কিছু নেই।’
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। মনির হোসেনের মৃত্যুর ঘটনায় একটি মামলাকে ৩০২ ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে। চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এর মধ্যে দুজন জামিনে আছেন। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।