বন্দরে ১০ মাসে ৩৫৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের আওতাধীন এলাকায় গত ১০ মাসে ৩৫৭টি ছোট-বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আট একর জায়গা দখলমুক্ত করা হয়েছে। একই সময়ে বিভিন্ন নৌযান ও প্রতিষ্ঠান থেকে ৮০ লাখ ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বন্দরের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাশেম ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই জরিমানা আদায় করেন। জরিমানার টাকা বন্দরের কোষাগারে জমা করা হয়।
বন্দর সূত্রে জানা গেছে, জরিমানা ও জমি দখলমুক্ত করা ছাড়াও গত ১০ মাসে বিভিন্ন নৌযান থেকে বন্দরের বকেয়া মাশুল বাবদ ২৭ লাখ টাকা আদায় করা হয়। বন্দরের সংরক্ষিত এলাকায় অবৈধ অনুপ্রবেশসহ নানা অপরাধে ১০ ব্যক্তিকে জরিমানা করা হয়। বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় ২৪ জনকে।
বন্দর সূত্র জানায়, উচ্ছেদ হওয়া অবৈধ স্থাপনার মধ্যে রয়েছে কর্ণফুলী তীর দখল করে জেটি ও ডকইয়ার্ড, দোকান, খাবার হোটেল, গ্যারেজ, ক্লাব ইত্যাদি। উদ্ধার হওয়া আট একর জমির আনুমানিক মূল্য ২০০ কোটি টাকা।