বন্দরে ২৩ জাহাজের পণ্য খালাস বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারণে গত শুক্রবার রাত থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের জাহাজে পণ্য খালাসে অচলাবস্থা দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত বহির্নোঙরে অবস্থানরত ২৩টি বড় জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। গতকাল নৌপরিবহনমন্ত্রী ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী চট্টগ্রামে এসে সরকার-সমর্থিত শ্রমিকদের বোঝালেও কোনো কাজ হয়নি। এ ছাড়া সারা দেশে গতকাল চতুর্থ দিনের মতো আংশিক নৌ ধর্মঘট পালিত হয়েছে।জানা গেছে, বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ (মাদার ভ্যাসেল) থেকে ভোগ্য ও শিল্পের কাঁচামাল খালাস বন্ধের খবর পেয়ে গতকাল দুপুরে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান চট্টগ্রামে আসেন। তাঁরা সরকার-সমর্থিত শ্রমিক সংগঠন, জাহাজ মালিকদের সংগঠন এবং পণ্য খালাসে নিয়োজিত আমদানিকারকদের প্রতিনিধি সিঅ্যান্ডএফ এজেন্ট, বিদেশি জাহাজ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। মন্ত্রী-প্রতিমন্ত্রী জাহাজ থেকে পণ্য খালাস শুরুর আহ্বান জানিয়ে সব ধরনের নিরাপত্তা দেওয়ার কথা বলেন। তাঁরা ধর্মঘটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও জানান।সংশ্লিষ্ট সূত্রমতে, মন্ত্রী-প্রতিমন্ত্রীর আহ্বানের পরও গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো বহির্নোঙরের কোনো বড় জাহাজ থেকে পণ্য খালাস শুরু হয়নি। কেবল কর্ণফুলী নদীতে ছোট দূরত্বে কিছু লাইটারেজ জাহাজ চলাচল করেছে।ডব্লিউটিসির প্রধান নির্বাহী এ জেড নিজাম প্রথম আলোকে বলেন, ‘আমরা অনেক চেষ্টা-তদবির করেও রাত পর্যন্ত কোনো লাইটারেজ জাহাজ চালাতে পারিনি। জাহাজের মাঝিমাল্লারা সমুদ্রে যেতে রাজি হচ্ছেন না।’সরকার-সমর্থিত শ্রমিক সংগঠন লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাত হোসেন বলেন, ‘রাতের মধ্যে বহির্নোঙরের বড় জাহাজের পণ্য খালাসের প্রস্তুতি নিচ্ছি। এ জন্য প্রতিটি জাহাজে পুলিশ মোতায়েন করা হয়।’বৈঠকে নৌপরিবহনমন্ত্রী বলেন, ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলে আলোচনা হবে, অন্যথায় নয়। এটি পুতুল সরকার নয়। ধর্মঘটবিরোধী মালিক-শ্রমিকদের একাংশকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা ভেংচি দেন। ওরা উল্টো দৌড় দেবে। যারা গ্রেপ্তার হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধর্মঘটের পেছনে কোনো ষড়ষন্ত্র আছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে।’শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান বলেন, ‘শ্রম আইন অনুযায়ী এ ধর্মঘট অবৈধ ও বেআইনি। কারণ, আলোচনা চলাকালে হঠাত্ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।’ মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘ধর্মঘটকারীরা ভুল করছে। আপনারা ভুল করবেন না।’ অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সাইফুল্লাহর সভাপতিত্বে বৈঠক হয়। এতে বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।আমাদের ঢাকার নিজস্ব প্রতিবেদক জানান, ধর্মঘট আংশিক পালিত হলেও নিরাপত্তাহীনতার আশঙ্কায় লঞ্চে যাত্রীর সংখ্যা অনেক কম ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিএ) কয়েক কর্মকর্তা জানান, গতকাল বিকেলে ঢাকা ছেড়েছে আটটি লঞ্চ। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকা থেকে ছাড়া ১৪টি লঞ্চ ঢাকার সদরঘাটে আসে। গতকাল ধর্মঘটী নৌযান শ্রমিক ফেডারেশনের কোনো তত্পরতা চোখে পড়েনি। লঞ্চ মালিকদের সংগঠন কার্গো লঞ্চ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী বেলায়েত হোসেন বলেন, ধর্মঘটে কার্গো লঞ্চমালিকেরা বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছেন। ধর্মঘট প্রত্যাহারের জন্য তাঁরা নৌযান শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠক করার চেষ্টা করছেন। এ বিষয়ে জানতে ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলমের মোবাইলে ফোন করে তা বন্ধ পাওয়া যায়।শাহ আলম রিমান্ডে: আমাদের আদালত প্রতিবেদক জানান, ফেডারেশনের সিনিয়র সহসভাপতি শাহ আলমকে এক দিনের রিমান্ডে নিয়েছে কোতোয়ালি থানা পুলিশ। পুলিশ দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল চার দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত এক দিন রিমান্ড মঞ্জুর করেন। একই অভিযোগে আরেকটি মামলায় তাহের ও মনির নামের দুই শ্রমিককে কারাগারে পাঠান আদালত।