বন্দরের আটজনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র
প্রতারণার মাধ্যমে সাড়ে ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার কমিশনের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
দুদক সূত্র জানায়, এ্যাবকো এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের আমদানি করা কিছু পণ্য বন্দরের জিসিবি ইয়ার্ড থেকে চুরি হয় বলে অভিযোগ করা হয়। পরে অবৈধভাবে বন্দর থেকে ওই সব মালামাল ছাড় করে দেওয়া হয়। এভাবে এ্যাবকো এন্টারপ্রাইজের নামে আমদানি করা বিভিন্ন মালামাল বন্দর কর্মকর্তাদের যোগসাজশে অবৈধ প্রক্রিয়ায় ছাড় করে দিয়ে সরকারের ৩৪ লাখ ৬২ হাজার ৩৪৪ টাকা রাজস্ব আত্মসাৎ করার অভিযোগ ওঠে।
এই অভিযোগে গত বছরের ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর থানায় ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটির তদন্ত শেষে বিষয়টি প্রমাণিত হওয়ায় আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার অনুমোদন দেয় কমিশন।
যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদ করা হয়েছে তাঁরা হলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জিসিবি ইয়ার্ডের (২নং ইউনিট, পরিবহন বিভাগ) সাবেক কর্মচারী ও বর্তমানে আইসিডি কমলাপুরের উচ্চঃবহি সহকারী শ্যামল কৃষ্ণ ভৌমিক, সহকারী ট্রাফিক পরিদর্শক প্রদীপ কুমার মহাজন, উচ্চঃবহি সহকারী (টিএম দপ্তর) অধীর কান্তি চক্রবর্তী, সাবেক সহকারী ট্রাফিক পরিদর্শক ছালেহ জহুর, এএসআই (বরখাস্তকৃত) মো. মিজানুর রহমান, হাবিলদার (নিরাপত্তা বিভাগ) মো. ছগির আহম্মদ, বিশেষ নিরাপত্তাকর্মী মো. মনির আহম্মদ এবং এ্যাবকো এন্টারপ্রাইজের জেটি সরকার বরুণ কান্তি সেন।