কর্ণফুলী নদীর ডান তীরে চট্টগ্রাম বন্দরের উজানে প্রায় আড়াই কিলোমিটার এলাকায় (সদরঘাট থেকে কর্ণফুলী সেতু পর্যন্ত) ৩৭ লাখ ঘনমিটার বালুমাটি-আবর্জনার স্তূপ জমেছে। ভাটার সময় এই বালুমাটি প্রবাহিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে চট্টগ্রাম বন্দর চ্যানেল।
বন্দরের দুটি জেটিতে নিয়মিত খননকাজ করেও সাড়ে ৮ মিটার ড্রাফটের (পানির নিচে থাকা জাহাজের অংশ) জাহাজ ভেড়ানো যাচ্ছে না। নদীর উজানে জমতে থাকা বালুমাটি দ্রুত অপসারণ করা না হলে দুটি জেটিই ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ কৌশল বিভাগের প্রধান অধ্যাপক আতাউর রহমান প্রথম আলোকে বলেন, জেটির উজানে ওই এলাকা ভরাট হয়ে গেলে বন্দরের মূল জেটির আশপাশেও যে প্রভাব পড়বে, তা গবেষণা না করেও বলা যায়। তবে কী রকম প্রভাব পড়বে, সে জন্য সমীক্ষা দরকার। ভরাট হয়ে যাওয়া এলাকায় এখনই খননকাজ শুরু করা দরকার।
বন্দর সূত্র জানায়, দুটি পুরোনো জেটির (২ ও ৩ নম্বর) সামনে কর্ণফুলী নদীতে নিয়মিত খননকাজ করেও তা সচল রাখা কঠিন হয়ে পড়েছে। গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের মার্চ মাস পর্যন্ত জেটি দুটি খননকাজের জন্য কয়েকবার বন্ধ রাখা হয়। এই দুটি জেটিতে এখন কেবল ৭ থেকে ৮ মিটার ড্রাফটের ছোট জাহাজ ভিড়তে পারে। বন্দরের মূল স্থাপনায় ১৯টি জেটি রয়েছে।
বন্দর কর্মকর্তারা বলেন, জেটি দুটির উজানে একটি খাল দিয়ে নগরের আবর্জনা আসে। এই আবর্জনা আটকে রাখে উজান থেকে আসা বালুমাটি। ফলে দ্রুত জেটি দুটির সামনে জাহাজ ভেড়ানোর স্থানের গভীরতা কমছে।
এ বিষয়ে বুয়েটের পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক মো. আবদুল মতিন প্রথম আলোকে বলেন, দ্রুত খননকাজ শুরু না করলে আবর্জনা ও কাদামাটি বন্দরের মূল জেটির দিকে চলে যেতে পারে।
২০০২ সালে বুয়েটের আওতাধীন গবেষণা সংস্থা ব্যুরো অব রিসার্চ টেস্টিং অ্যান্ড কনসালটেশনকে (বিআরটিসি) দিয়ে একটি সমীক্ষা করায় বন্দর। ওই সমীক্ষা প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী প্রায় নয় বছর পর ২০১১ সালে কর্ণফুলী নদী খনন প্রকল্পের কাজ শুরু করা হয়। তখন কর্ণফুলীর ওই এলাকায় বালুমাটির স্তূপ ছিল ৩৬ লাখ ঘনমিটার।
বন্দরের কর্মকর্তারা বলেন, ২০১১ সালের এপ্রিলে চুক্তির পর ১২ মে থেকে ২২৯ কোটি টাকায় মালয়েশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং করপোরেশন (এমএমডিসি) এই প্রকল্পের কাজ শুরু করে। প্রকল্পের আওতায় জেটি ও তীর রক্ষার বাঁধের সিংহভাগ কাজ শেষ হয়। চুক্তির আওতায় কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৩ সালের ২ জানুয়ারি। তবে কয়েক দফা সময় বাড়ানোর পরও ঠিকাদার ৩৬ লাখ ঘনমিটারের মধ্যে মাত্র ১৫ লাখ ঘনমিটার বালুমাটি অপসারণ করেন। পরে ২০১৪ সালের ১৩ জুলাই চুক্তি বাতিল করে বন্দর কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে এখন সালিসি আদালতে মামলা চলছে।
চুক্তি বাতিলের আগে বন্দর কর্তৃপক্ষ ঠিকাদারকে ১৬৫ কোটি টাকা পরিশোধ করেছে। চুক্তি বাতিলের পর ধাপে ধাপে ঠিকাদারের কাছ থেকে জামানতসহ মোট ৩৯ কোটি টাকা আদায় করেছে বন্দর। নির্ধারিত সময়ে কাজ শেষ না করায় বন্দর কর্তৃপক্ষ ঠিকাদারের কাছ থেকে ১৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে। ঠিকাদার বন্দর কর্তৃপক্ষ থেকে দাবি করেছে ৫৮ কোটি টাকা। বিষয়টি নিয়ে সালিসি আদালতে আগামী ৮ নভেম্বর পরবর্তী শুনানি হবে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএমডিসির ‘ম্যানেজিং এজেন্ট’ ‘প্যাসিফিক মেরিন সার্ভিস’-এর কর্ণধার আবু জাফর মোহাম্মদ ছালেহর বক্তব্য নিতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি। প্রতিষ্ঠানটিও কার্যত বন্ধ রয়েছে।
তবে চুক্তি বাতিলের পরও ২২ মাসেও বন্দর কর্তৃপক্ষ প্রকল্প এলাকায় খননের উদ্যোগ নেয়নি। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম প্রথম আলোকে বলেন, ‘বন্দরের নিজস্ব উদ্যোগে খননকাজ করতে আইনগত বাধা না থাকার বিষয়ে মতামত পেয়েছি গত মাসে। এখন কী প্রক্রিয়ায় এই ৩৭ লাখ ঘনমিটার বালুমাটি অপসারণ করা হবে, তা নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’