বন্দরের উদ্যোগ বাধাগ্রস্ত করার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মহেশ খালে অস্থায়ী বাঁধ নির্মাণে বন্দর কর্তৃপক্ষের নেওয়া উদ্যোগকে বাধাগ্রস্ত করার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে আগ্রাবাদ এলাকার বাসিন্দা ও শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ আবাসিক এলাকায় ‘আগ্রাবাদ রেসিডেন্সিয়াল এরিয়া সোশিও কালচার অ্যাসোসিয়েশন (আরাসকা)’ ও বৃহত্তর আগ্রাবাদ ও হালিশহর জলাবদ্ধতা নিরসন কমিটি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে বৃহত্তর আগ্রাবাদ ও হালিশহর জলাবদ্ধতা নিরসন কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল আলম বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আগ্রাবাদ, উত্তর হালিশহর ও গোসাইলডাঙ্গা এলাকার জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ হিসেবে অস্থায়ীভাবে একটি বাঁধ নির্মাণের কাজ শুরু করে। কিন্তু একটি পক্ষ অস্থায়ী বাঁধের নির্মাণকাজ বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র শুরু করেছে।
আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা আখতার বলেন, জোয়ারজনিত জলাবদ্ধতার কারণে বছরের চার মাস শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। এই অবস্থায় বন্দর কর্তৃপক্ষ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে যখন অস্থায়ী বাঁধ নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে, ঠিক তখনই একটি মহল তা বন্ধ করার পাঁয়তারা চালাচ্ছে।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ২ সেপ্টেম্বর বন্দর রিপাবলিক ক্লাবের পাশে মহেশ খালের মধ্যে অস্থায়ী বাঁধ নির্মাণের জন্য ভিত্তিফলক উন্মোচন করেন। বন্দরের অর্থায়নে এ বাঁধ নির্মিত হচ্ছে। তবে এই বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে ৯ সেপ্টেম্বর ‘সচেতন নাগরিক সমাজ’ নামের একটি সংগঠনের ব্যানারে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের কাছে স্মারকলিপি দেন উত্তর মধ্যম হালিশহর ও দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের বাসিন্দারা। তাঁদের আশঙ্কা, অস্থায়ী বাঁধ নির্মাণ করা হলে তাঁদের এলাকায় জোয়ারজনিত জলাবদ্ধতা হতে পারে।
গতকালের সমাবেশে বক্তব্য দেন আরসকার জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মান্নান ও এইচ এম রেজাউল করিম, পরিবেশবিষয়ক সম্পাদক শেখ জাফরুল হায়দার, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের প্রচার ও দপ্তর সম্পাদক মো. হাসিউদ্দিন আলম প্রমুখ।