চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে বড় কোনো পদক্ষেপ নেই। শুধু পরিকল্পনাই হয়েছে। দিন দিন ব্যবসা বাড়ছে অথচ বন্দরের সক্ষমতা সেভাবে বাড়ছে না। বিকল্প বন্দরও গড়ে ওঠেনি। ফলে দেশের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ছে।
বন্দর ব্যবহারকারী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানান, বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য জেটি, যন্ত্রপাতি ও কনটেইনার রাখার চত্বর—এই তিনটি অবকাঠামো সবচেয়ে বেশি দরকার। গত ১০ বছরে বন্দরে পণ্য পরিবহনের চারটি টার্মিনাল নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। এগুলোর একটিও নির্মাণ করা হয়নি।
এ ছাড়া জাহাজ থেকে কনটেইনার নামানোর বড় যন্ত্র ‘গ্যান্ট্রি ক্রেন’ কেনা হয়নি ১১ বছরে। এই আধুনিক যন্ত্র সংগ্রহের জন্য পাঁচ দফা উদ্যোগ নিয়েও পারেনি বন্দর। তবে জাহাজজট বাড়ার পর এই যন্ত্র কেনার প্রক্রিয়া শুরু করে বন্দর। এরপরও এই ক্রেন বন্দরের বহরে যুক্ত হতে আরও দুই বছর লাগবে। আধুনিক এই যন্ত্র না থাকায় বন্দরে প্রায় ৭৮ শতাংশ কনটেইনার সনাতন পদ্ধতিতে বা জাহাজের ক্রেনের সাহায্যে ওঠানো-নামানো হয়। তবে ১০ বছরে কনটেইনার ও পণ্য পরিবহনের কাজ চালাতে ছোটখাটো যন্ত্রপাতি কেনা, কনটেইনার রাখার চত্বর সংস্কারের মতো রুটিন কাজ হয়েছে।
ব্যবসায়ীরা জানান, ৫ বা ১০ বছর পর পণ্য পরিবহন বেড়ে কত হতে পারে, তা হিসাব করে আগে থেকেই অবকাঠামো নির্মাণ শুরু করতে হয়। ২০২১ সালে পোশাকশিল্পে রপ্তানি ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে বিজিএমইএ। তিন বছর আগে এই লক্ষ্যমাত্রা ঘোষণা করা হলেও বন্দর তেমন প্রস্তুতি নেয়নি। বড় প্রস্তুতি না থাকায় এখন জাহাজজট তীব্র হচ্ছে।
বন্দর থেকে পাওয়া তথ্যে দেখা যায়, গত ১০ বছরে কনটেইনার ও সাধারণ পণ্য পরিবহন বেড়েছে প্রায় দেড় গুণ। বন্দরের ১৩টি জেটি ব্যবহার করে এই কনটেইনার ওঠানো-নামানো হচ্ছে। সাধারণ পণ্যবাহী জাহাজের জন্য ছয়টি জেটি এবং বহির্নোঙরে লাইটারেজ জাহাজের মাধ্যমে সাধারণ পণ্য পরিবহন হচ্ছে। পলি জমায় ও একটু বড় আকারের জাহাজ ভেড়ানোর কারণে এই ১৯টি জেটিতে এখন একসঙ্গে ১৫-১৬টির বেশি সমুদ্রগামী জাহাজ ভেড়ানো যাচ্ছে না।
জানতে চাইলে অর্থনীতিবিদ অধ্যাপক মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম বন্দরের উন্নয়ন অনেক দিন ধরেই অগ্রাধিকার পায়নি। সত্যিকার অর্থে এখানে ভৌত অবকাঠামোও গড়ে ওঠেনি। বন্দরের বিকল্প হিসেবে যেসব প্রকল্পের কথা বলা হচ্ছে, সেগুলোও কার্যত এ বন্দরের বিকল্প হতে পারেনি। এর ফলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জেটির পাশাপাশি সক্ষমতা বাড়াতে দরকার পণ্য ওঠানো-নামানোর জন্য যন্ত্রপাতি। বন্দরের তথ্যে দেখা যায়, ২০০৭ সালে নিউমুরিং টার্মিনাল নির্মাণের পর গ্যান্ট্রি ক্রেন দরকার ছিল ১৪টি। তবে প্রায় ১০ বছর ধরে এ ধরনের চারটি যন্ত্র দিয়ে চালানো হচ্ছে। গত জুনে দুটি যন্ত্র অচল হয়ে পড়লে বন্দরের সক্ষমতা এক লাফে ১১ শতাংশ কমে যায়।
বন্দরের হিসাব অনুযায়ী, কনটেইনার আনা-নেওয়া ও ওঠানো-নামানোর জন্য রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন এবং স্ট্র্যাডেল ক্যারিয়ার দরকার অন্তত ১২৩টি। গত অর্থবছরের হিসাব অনুযায়ী, বন্দরের বহরে এই দুটি যন্ত্র চাহিদার অর্ধেক বা ৬৫টি রয়েছে। এ ছাড়া অন্যান্য যন্ত্রও চাহিদার তুলনায় কম।
জেটি ও যন্ত্রপাতির পাশাপাশি কনটেইনার রাখার বড় কোনো চত্বর যুক্ত হয়নি ২০০৮ সালে নর্থ কনটেইনার ইয়ার্ড নির্মাণের পর। শুধু ছোট ছোট সংস্কারকাজ করে কনটেইনার রাখার ধারণক্ষমতা বাড়ানো হয়েছে। নতুন চত্বর নির্মাণের কাজ শুরু হলেও তা এখনো পুরোপুরি ব্যবহার উপযোগী হয়নি।
অবকাঠামো নির্মাণে বড় উদ্যোগ না থাকায় ২০১৫ সালের দিকে শুধু জুন থেকে আগস্ট—এই তিন মাস বন্দরে জাহাজজট ছিল তীব্র। এর ফলে পণ্য হাতে পেতে ব্যবসায়ীদের সময় বেশি লাগত। পরের বছর মে মাস থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত জাহাজজট ও পণ্য হাতে পেতে অপেক্ষার সময় আরও বাড়তে থাকে। এ বছর তা অসহনীয় পর্যায়ে চলে যায়।
বন্দরের তথ্য অনুযায়ী, এখন প্রতিদিন ৩২ থেকে ৩৫টি কনটেইনার ও সাধারণ পণ্যবাহী জাহাজকে জেটিতে ভেড়ানোর জন্য বহির্নোঙরে অপেক্ষায় থাকতে হচ্ছে। এতে চট্টগ্রামমুখী পণ্য পরিবহনের ভাড়া বেড়ে গেছে। বিদেশ থেকে পণ্য আমদানিতেও স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে।
চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল সম্প্রতি প্রথম আলোকে বলেন, জেটি-সংকট আগেও ছিল, এখনো আছে। তবে এখন সবচেয়ে দরকার বন্দর চত্বর থেকে ব্যবসায়ীদের দ্রুত পণ্য খালাস করার পদক্ষেপ। ব্যবসায়ীরা যদি দ্রুত পণ্য খালাস করেন তাহলে পরিস্থিতির আরও উন্নতি হবে। কনটেইনার ওঠানো-নামানোর বড় যন্ত্র সংগ্রহের ৮০ শতাংশ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পতেঙ্গা টার্মিনাল নির্মাণের কাজ শুরু হচ্ছে, যা ২০১৯ সালের শেষে যুক্ত হবে। পাশাপাশি ইয়ার্ড নির্মাণও হচ্ছে। পতেঙ্গা টার্মিনালের পর লালদিয়া এবং এরপর বে টার্মিনালের নির্মাণকাজ শুরু হবে।
বন্দরের সর্বশেষ অবস্থা এখন কেমন, তা বিশ্বের শীর্ষস্থানীয় জাহাজ কোম্পানি মায়ের্সক লাইনের সহযোগী প্রতিষ্ঠান এমসিসি ট্রান্সপোর্টের গ্রাহক পরামর্শ বিজ্ঞপ্তিতে উঠে এসেছে। গত জুন থেকে এ পর্যন্ত ১৬টি গ্রাহক পরামর্শ নোটিশ দিয়েছে কোম্পানিটি। চট্টগ্রাম বন্দর পরিস্থিতি নিয়ে ১১ অক্টোবর ‘চট্টগ্রাম বন্দর আপডেট-১৬’ শিরোনামে বলা হয়, ‘আমরা এখনো বহির্নোঙরে জাহাজের দীর্ঘমেয়াদি অপেক্ষার সম্মুখীন রয়েছি। এ পরিস্থিতির কখন উন্নতি হয়, তা বলা কঠিন।’ বিশ্বের কোনো বন্দর নিয়ে টানা এতগুলো নোটিশ দেওয়ার নজির নেই বলে জানিয়েছেন ব্যবহারকারীরা।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, আমদানি-রপ্তানি বাণিজ্যে এখন যে ক্ষতি হচ্ছে তা অর্থের মানদণ্ডে বা ভাষায় প্রকাশ করা যাবে না। এর দীর্ঘমেয়াদি প্রভাবে শুধু একটি খাতই নয়, দেশের অর্থনীতিই ক্ষতিগ্রস্ত হবে।
এই ব্যবসায়ী নেতা মনে করেন, বন্দরের উন্নয়ন নিয়ে সিদ্ধান্তহীনতার কারণে আজকের এই অবস্থা। সংসদীয় কমিটি থেকে শুরু করে একেবারে নিচের স্তর পর্যন্ত ফাইল চালাচালি নিয়ে একটা আমলাতান্ত্রিক চক্র তৈরি হয়েছে।
গত জুন মাসে বন্দরে তীব্র জাহাজজটের পর বন্দর কর্তৃপক্ষ ছোট ছোট সংস্কারকাজ হাতে নিয়ে বহির্নোঙরে কনটেইনার জাহাজের অপেক্ষমাণ সময় কিছুটা কমিয়ে এনেছে। তবে একই সময়ে পণ্য আমদানি বেড়ে যাওয়ায় সাধারণ পণ্যবাহী জাহাজের অপেক্ষমাণ সময় বেড়ে গেছে। শিল্পের কাঁচামাল, ভোগ্যপণ্য ও নির্মাণকাজের উপকরণবাহী এসব জাহাজের অপেক্ষার সংখ্যাও বেড়েছে।
যেমন ইস্পাত তৈরির কাঁচামাল স্ক্র্যাপ (পুরোনো লোহার টুকরা) নিয়ে গত আগস্টে বন্দরের বহির্নোঙরে আসা চারটি জাহাজ এখনো পণ্য খালাসের সুযোগ পায়নি। এর মধ্যে একটি জাহাজ ৪১ দিন পর জেটিতে ভিড়িয়ে পণ্য খালাসের সুযোগ পেয়েছে। বাকি তিনটি বহির্নোঙরে ভাসছে। কাঁচামাল না পেয়ে বিএসআরএম গ্রুপ এখন কার্যকর উৎপাদনক্ষমতা ৭০ থেকে ৮০ শতাংশের বেশি উন্নীত করতে পারছে না। বন্দর দিয়ে পণ্য খালাস করতে না পারলে আবুল খায়ের গ্রুপের ইস্পাত পণ্য উৎপাদনও বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
বন্দরের তথ্যে দেখা যায়, গত জুন মাসে বন্দরের বহির্নোঙরে প্রতিদিন অপেক্ষায় থাকত ১৬টির বেশি কনটেইনার জাহাজ। গড়ে ছয় দিন অপেক্ষার পর জেটি বরাদ্দ পেত এসব জাহাজ। ছোট ছোট সংস্কার কার্যক্রম হাতে নিয়ে অপেক্ষমাণ সময় দেড় দিন ও জাহাজের সংখ্যা একটি কমে ১৫টিতে নেমে এলেও উল্টো নতুন নতুন সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম প্রান্তে জটের কারণে সিঙ্গাপুর ও কলম্বো বন্দরে চট্টগ্রামমুখী কনটেইনারের জট বাড়ছে।
যেমন ভারত থেকে গত ২৮ আগস্ট দুই কনটেইনার জিরা আমদানির ঋণপত্র খোলেন খাতুনগঞ্জের ব্যবসায়ী ফারুক আহমেদ। তিনি গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ভারতের মুন্দ্রা বন্দরে ৭ সেপ্টেম্বর এই জিরাবাহী দুটি কনটেইনার জাহাজে তোলা হয়। এরপর তা কলম্বো বন্দর হয়ে চট্টগ্রামমুখী জাহাজে তুলে দেওয়ার কথা। কিন্তু কলম্বো বন্দরেই ২৬ দিন ধরে পড়ে আছে কনটেইনার দুটি। এগুলো চট্টগ্রাম বন্দরে আসার ‘সিরিয়াল’ পাচ্ছে না।
বন্দর খাতের বিশেষজ্ঞরা মনে করেন, শিল্প ও সেবা খাতের প্রবৃদ্ধি বাড়ার পূর্বাভাসের কারণে সমুদ্রপথে পণ্য পরিবহন বাড়বে—এটা বহু দিন ধরেই অনিবার্য ছিল। এই পূর্বাভাস পেয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে অবকাঠামো বাড়ানোর প্রয়োজন ছিল। তবে স্বল্প ও মধ্যমেয়াদি পরিকল্পনা বাদ দিয়ে প্রস্তাবিত পায়রা সমুদ্রবন্দরের মতো দীর্ঘমেয়াদি প্রকল্পকে স্বল্প মেয়াদে শেষ করার ঘোষণা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। ২০১৮ সালের মধ্যে পায়রা বন্দরে কনটেইনার টার্মিনাল নির্মাণের ঘোষণার পর চট্টগ্রাম বন্দরে এক ইঞ্চি জেটিও বাড়ানোর কাজ শুরু হয়নি। পায়রা সমুদ্রবন্দরে এখনো জেটি নির্মাণ বা খননকাজের কোনো কিছুই শুরু হয়নি।
চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, এখন শুধু বন্দরে জেটি বা ইয়ার্ড নির্মাণ করলেই হবে না। যেভাবে কনটেইনার ও পণ্য পরিবহন বাড়ছে, সে জন্য এসব পণ্য বন্দর থেকে সড়কপথ ও নৌপথে দেশের বিভিন্ন স্থানে দ্রুত পরিবহনের জন্য যোগাযোগপথের উন্নতি করতে হবে। নতুন নতুন নদীভিত্তিক টার্মিনাল ও বেসরকারি ডিপো নির্মাণে উৎসাহ দিতে হবে।