বন্দরের ওসমান গনি হত্যা মামলায় পাঁচ আসামি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুধ বিক্রেতা ওসমান গনি হত্যা মামলায় গতকাল বৃহস্পতিবার পাঁচ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। হত্যাকাণ্ডের নয় মাস পর আত্মসমর্পণ করলে নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম মেহেদী হাসান তাঁদের কারাগারে পাঠান।
আসামিরা হলেন ওসমান গনির বড় ভাই রুহুল আমিন ওরফে আমিন, আমিনের স্ত্রী সাফিয়া, ছেলে মিন্টু, শহিদুল ও মেয়ে রোমানা। মামলার বিবরণে জানা যায়, উপজেলার ধামগড় ইউনিয়নের কামতাল গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৬ সালের ১৭ এপ্রিল সন্ধ্যায় ওসমান গনিকে তাঁর বড় ভাই রুহুল আমিন, তাঁর স্ত্রী সাফিয়া, ছেলে মিন্টু, শহিদুল, মেয়ে রোমানাসহ আরও কয়েকজন এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এ সময় ওসমান গনিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সাত দিন পর তিনি মারা যান। এ ঘটনায় ওসমান গনির ছেলে ইব্রাহিম সুমন বাদী হয়ে আটজনকে আসামি করে বন্দর থানায় মামলা করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত আসামি সোবান ওরফে বেনসন সোবান ও হানিফাকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যাকাণ্ডের পর থেকেই রুহুল আমিন তাঁর পরিবার নিয়ে পালিয়ে যান। গতকাল রুহুল আমিনসহ পাঁচজন আদালতে আত্মসমর্পণ করেন।