চট্টগ্রাম বন্দর এলাকায় গতকাল মঙ্গলবার কনটেইনার পরিবহনকারী গাড়িচালক ও শ্রমিকদের হঠাৎ কর্মবিরতির কারণে পণ্য আনা-নেওয়ার কার্যক্রম ব্যাহত হয়।
বন্দর সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে নিউমুরিং কনটেইনার টার্মিনালের ফটকের সামনের সড়কে অবৈধ পার্কিংয়ের দায়ে ১১ জন চালক-শ্রমিককে আটক করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন। তাঁদের আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে নেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে বেলা দেড়টার দিকে কনটেইনার পরিবহনকারী গাড়ির চালক ও শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। এ সময় বন্দরের ভেতরে এবং বাইরের সড়কে শতাধিক গাড়ি আটকা পড়ে। বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বন্দর সূত্র জানায়, এই পরিস্থিতিতে বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালক আবদুল গাফফার কনটেইনার পরিবহনকারী গাড়ির মালিক ও শ্রমিকদের নিয়ে তাঁর কার্যালয়ে বৈঠক করেন। বৈঠকে বিনা শর্তে চালক ও শ্রমিকদের মুক্তি এবং বন্দরে ঢোকার আগে গাড়ি রাখার জন্য জায়গা বরাদ্দ করার দাবি জানান মালিক-শ্রমিকেরা। তাঁদের দাবি মানার পর বিকেল চারটার দিকে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়।
বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন প্রথম আলোকে বলেন, আটক চালক ও শ্রমিকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তিনটার দিকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরা ভবিষ্যতে রাস্তার ওপরে পার্কিং করবেন না বলে মুচলেকা দিয়েছেন। তিনি বলেন, বন্দরের ফটকগুলোর সামনে যানজট দূর করে বন্দরের কার্যক্রম গতিশীল রাখার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
চট্টগ্রাম প্রাইম মুভার মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম সদস্যসচিব হুমায়ুন কবীর বলেন, ‘বন্দরের ভেতরে ঢোকার আগে কনটেইনারবাহী গাড়িগুলোকে সড়কে অপেক্ষা করতে হয়। কারণ, গাড়িগুলো রাখার জন্য কোনো জায়গা নেই। এখন বন্দর জায়গা করে দেবে বলে কথা দিয়েছে। এ কারণে আমরাও কর্মবিরতি প্রত্যাহার করেছি।’