বন্দরের কেনাকাটায় অনিয়মের অভিযোগ নিয়ে অনুসন্ধান
চট্টগ্রাম বন্দরে জাহাজ ও যন্ত্রপাতিসহ বিভিন্ন কেনাকাটায় অনিয়মের অভিযোগ নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক শেখ ফানাফিল্লাহ এখন চট্টগ্রাম বন্দরে অবস্থান করে অনুসন্ধানের কাজ করছেন। দুদকের অনুসন্ধানে অন্তত নয়টি বিষয় গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে।
দুদক সূত্র জানায়, গত কয়েক বছরে বন্দরে কেনাকাটায় সরকারি ক্রয়বিধি অনুসরণ না করার অভিযোগ আছে। এর মধ্যে রয়েছে তিনটি পুরোনো জাহাজ কেনায় অনিয়ম, স্ক্যানার কেনার ক্ষেত্রে সরবরাহকারীর ভুয়া ব্যাংক গারান্টি, খালি কনটেইনার অপসারণের কাজে প্রায় দ্বিগুণ দরে কাজ দেওয়া, তিনটি স্ট্র্যাডল ক্যারিয়ার কেনার দরপত্র প্রক্রিয়া স্থগিত, নৌ বিভাগে ১০-১২ কোটি টাকার কেনাকাটার কাজের প্রাক্কলন বেশি দেখানো।
বন্দর সূত্র জানায়, গত রোববার নৌ বিভাগ এবং অর্থ ও হিসাব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন দুদকের উপপরিচালক। এ সময় জাহাজ ও জলযান কেনাকাটার নথি পর্যালোচনা করেন তিনি। গতকাল সোমবার যান্ত্রিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যন্ত্রপাতি ক্রয়ে অনিয়মের অভিযোগ সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
গতকাল বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে দুদকের উপপরিচালক শেখ ফানাফিল্লাহ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
দুদক সূত্র জানায়, তিনটি পুরোনো জাহাজ কেনার ক্ষেত্রে শুল্ক-কর ও মেরামতসহ সব মিলিয়ে ৫০ কোটি টাকার বেশি খরচ হয়েছে। তবে বন্দর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিকে এড়িয়ে যেতে এই ক্রয়সীমা প্রথম দিকে ৫০ কোটি টাকার নিচে রাখে। জাহাজসহ অনেকগুলো দরপত্রে একটি করে দরদাতা প্রতিষ্ঠান যোগ্য হলেও পুনঃদরপত্র আহ্বান করা হয়নি। একটিমাত্র দরদাতা প্রতিষ্ঠানকেই কাজ দেওয়া হয়েছে।
জানা গেছে, দুদকের অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক প্রমাণ পেলে আইনি প্রক্রিয়া শুরু করা হয়।
বন্দর সূত্র জানায়, এর আগে গত ফেব্রুয়ারিতে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ লতিফের নেতৃত্বে তিন সদস্যের একটি উপকমিটি বন্দরের কেনাকাটায় অনিয়মের তদন্ত শুরু করে। কমিটি বিগত পাঁচ বছরে ৫০ লাখ টাকার ওপরে কেনাকাটার ফাইল তলব করে। এ তদন্ত এখনো শেষ হয়নি। এরপর জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলামের নেতৃত্বাধীন কমিটিও গত মার্চে চট্টগ্রাম বন্দরে তদন্ত কাজ চালায়।