বন্দরের কেনাকাটায় অনিয়মের সঙ্গে জড়িতদের বিচার দাবি
সাইফ পাওয়ারটেক লিমিটেডের অনিয়মের পাশাপাশি বন্দরে কেনাকাটায় অনিয়মের সঙ্গে জড়িতদেরও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গতকাল বুধবার স্টিল মিল বাজারের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
সাইফ পাওয়ারটেক লিমিটেডের চুক্তি বাতিলের দাবিতে তিন দিনব্যাপী কালো ব্যাজ ধারণ কর্মসূচির শেষ দিন ছিল গতকাল বুধবার। চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মহিউদ্দিন চৌধুরী বলেন, বন্দরের জন্য তিনটি পুরোনো জাহাজ এবং একটি ড্রেজার মেশিন ক্রয়ে ব্যাপক অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে। এসব জাহাজ আমদানিতে দুর্নীতির মাধ্যমে বন্দরের বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে। কর্ণফুলী ড্রেজিং প্রকল্পেও কাজ শেষ না করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। এসব অনিয়মের ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
বন্দর নিয়ে চক্রান্তকারীদের সাবধান করে দিয়ে মহিউদ্দিন চৌধুরী বলেন, এখনো সময় আছে। সাবধান হয়ে যান। অন্যথায় ১০ সেপ্টেম্বর লালদীঘির সমাবেশে নাম ঘোষণা করা হবে।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, নগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক জহুর আহমদ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক আবু তাহের, শ্রম সম্পাদক আবদুল আহাদ, বন্দর রক্ষা পরিষদের সদস্যসচিব মাহফুজুর রহমান খান, সদস্য রোটারিয়ান ইলিয়াছ প্রমুখ।