বন্দরের গুদামে আগুন, পুড়ল পুরোনো নথি
চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকার একটি গুদামে আগুনে কিছু পুরোনো নথি, যন্ত্রাংশ ও কাপড় পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল সকাল পৌনে আটটার দিকে বন্দরের ‘এম শেডে’ (গুদাম) আগুনের সূত্রপাত। আগ্রাবাদ ও বন্দরের চারটি গাড়ি গিয়ে বেলা সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বের করা হবে।
বন্দর সূত্র জানায়, পুরোনো নথি ও নিলামে তোলা বিভিন্ন পণ্য ‘এম শেড’ গুদামে রাখা হতো। পণ্য ছাড়ের নথি, বিলের নথিসহ প্রায় ১৫-২০ বছরের পুরোনো বিভিন্ন নথি এবং নিলামের জন্য রাখা পুরোনো যন্ত্রপাতি ও কাপড় ছিল গুদামে। আগুনে এসব পুড়ে গেছে।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক প্রথম আলোকে বলেন, আগুনে পুড়ে যাওয়া কাগজপত্রের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ছিল না। কোনো মূল্যবান পণ্যও ছিল না।