বন্দরের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রাম বন্দর এলাকায় অবৈধভাবে গড়ে তোলা দুটি ট্রাক টার্মিনাল ও ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সূত্র জানায়, বন্দরের তালতলা এলাকায় প্রায় দুই একর জমি দখল করে দুটি ট্রাক টার্মিনাল ও তিনটি গ্যারেজসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে স্থানীয় কিছু ব্যক্তি। গতকাল অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে গ্যারেজ থেকে ছয়জনকে আটক করে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ছাড়া বন্দরের মালিকানাধীন পূর্ব কলোনি আবাসিক এলাকা থেকে ২০টি কাঁচা-পাকা অবৈধ স্থাপনা ও দুটি ক্লাব উচ্ছেদ করা হয়। ক্লাব দুটিতে উচ্ছৃঙ্খল যুবকেরা নিয়মিত মদ, গাঁজা ও ফেনসিডিল সেবন করত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে জানান, উদ্ধার করা জমির আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা। তিনি জানান, বন্দরের ভূমি থেকে অবৈধ দখল উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দরের উপব্যবস্থাপক (ভূমি) জিল্লুর রহমান।