চট্টগ্রাম বন্দরের জলসীমায় গতকাল সোমবার সকালে ও দুপুরে পণ্যবাহী দুটি লাইটার জাহাজ ডুবে গেছে। ডুবে যাওয়া জাহাজের ২৮ জন নাবিক ও শ্রমিককে উদ্ধার করা হয়েছে। জাহাজ দুটি হলো ‘এমভি অলিম্পিক-২’ ও ‘এমভি হাজি কায়েস’। দুটি জাহাজই সিমেন্টের কাঁচামাল ক্লিংকার পরিবহন করছিল।
এ ছাড়া পতেঙ্গা সৈকতের পাথরের বাঁধের কাছাকাছি এসে ‘এমভি অনন্যা’ নামের আরেকটি লাইটার জাহাজ আটকা পড়ে। তবে এতে জাহাজটির ক্ষতি হয়নি বলে জানা গেছে।
চট্টগ্রাম বন্দর ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জাহাজ দুটি বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাসের কাজে নিয়োজিত ছিল। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় ঢেউয়ের মুখে জাহাজ দুটিতে ফুটো হয়ে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে চালকেরা জাহাজ দুটি তীরের দিকে নিয়ে আসতে থাকেন। কিন্তু শেষরক্ষা হয়নি। পতেঙ্গা সৈকতের অদূরে জাহাজ দুটি ডুবে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক মোহাম্মদ সেলিম প্রথম আলোকে বলেন, এমভি অলিম্পিক-২ জাহাজটি পুরোপুরি এবং এমভি হাজি কায়েস জাহাজটি আংশিক ডুবেছে। জাহাজ দুটির নাবিকদের উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া এমভি অলিম্পিক-২ জাহাজের মাস্টার জহিরুল ইসলাম মুঠোফোনে বলেন, জাহাজটি ডুবে যাওয়ার সময় কাছাকাছি থাকা একটি নৌযানের মাধ্যমে জাহাজের ১৫ জন নাবিক ও শ্রমিককে উদ্ধার করা হয়।
এদিকে পতেঙ্গা সৈকতের অদূরে দুর্ঘটনায় পড়া এমভি হাজি কায়েস জাহাজটি ডুবে যায় দুপুরের দিকে। প্রচণ্ড ঢেউ ও বাতাসে জাহাজটির পেছনের অংশ ডুবে যেতে থাকে। এ সময় একটি স্পিডবোটের সাহায্যে জাহাজের ১৩ নাবিককে উদ্ধার করা হয় বলে জানান লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম।