বন্দরের জাহাজেরই সনদ নেই, অনিয়মে অন্যদের জরিমানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর চ্যানেলে নিয়ম ভেঙে চলাচলকারী জাহাজের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারি থেকে অভিযান শুরু করেছেন বন্দরের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট। অথচ বন্দরের নিজস্ব ৩০টি জাহাজের মধ্যে অন্তত ১৬টির ‘সেফটি ইকুইপমেন্ট সনদ’ বা সার্ভে সনদ নেই। বাংলাদেশ মার্চেন্ট শিপিং অধ্যাদেশ-১৯৮৩ অনুযায়ী, ‘একটি নির্দিষ্ট ক্ষমতার বেশি (১৫ অশ্বশক্তি) যেসব জাহাজ বা জলযান সমুদ্রে চলাচল করে সেগুলোর সার্ভে সনদ নেওয়ার বাধ্যবাধকতা আছে। সনদ না থাকার অর্থ ওই জাহাজ বা নৌযান সমুদ্রে চলাচলের শতভাগ উপযোগী নয়। বন্দরে গত বছর যেসব জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে, সেগুলোর অধিকাংশের সার্ভে সনদ ছিল না।বন্দর সূত্রে জানা গেছে, গত বছরের ২১ অক্টোবর বন্দরের বালু উত্তোলনকারী বিশেষায়িত জাহাজ ‘এমভি খনক’ একটি বিদেশি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে আংশিক ডুবে যায়। দুর্ঘটনার কারণ তদন্তে নৌ-বাণিজ্য অধিদপ্তরের গঠিত কমিটির প্রতিবেদনে বলা হয়, এ জাহাজের সার্ভে সনদ হালনাগাদ ছিল না। গত বছরের ২৪ আগস্ট বন্দর চ্যানেলে ডুবে যাওয়া বয়া উত্তোলনকারী জাহাজ বিএলভি আলীর পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম ছিল না। ওই দুর্ঘটনায় দুই নাবিক মারা যান। এভাবে গত বছর যেসব জাহাজ দর্ঘটনার কবলে পড়েছে, তার বেশির ভাগেরই সার্ভে সনদ ছিল না।চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ প্রথম আলোকে বলেন, বন্দরের নিজস্ব সব জাহাজের সার্ভে সনদ নবায়ন করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। সনদ নবায়নের প্রক্রিয়া চলছে। বন্দর সূত্র জানায়, বন্দরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহীউদ্দিন আল ফারুক ২১ মার্চ বন্দর কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে বন্দরের কিছু জাহাজের সার্ভে সনদ না থাকার বিষয়টি জানান। চিঠিতে বন্দরের নিজস্ব নৌযানগুলোর সনদ নেওয়ার তাগিদ দেওয়া হয়। মহীউদ্দিন বলেন, বন্দর চ্যানেলের অন্য নৌযানের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ করছি। বন্দরের নিজস্ব নৌযানকেও আইনের আওতায় আনা প্রয়োজন। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, সার্ভে সনদ নেওয়া বাধ্যতামূলক—এমন নৌযানের সংখ্যা ৩০টি। এর মধ্যে বন্দর নৌবিভাগ ২০টি এবং হাইড্রোগ্রাফি বিভাগ ১০টি জাহাজ ও নৌযান পরিচালনা করছে। এসব জাহাজের মধ্যে দুর্ঘটনাকবলিত এমভি খনক এবং বিএলভি আলী মেরামতের অপেক্ষায় আছে। এর বাইরে মুরিং লঞ্চসহ যেসব নৌযান আছে সেগুলোর সনদ নেওয়ার দরকার নেই।নৌ-বাণিজ্য অধিদপ্তরের মুখ্য কর্মকর্তা ক্যাপ্টেন হাবিবুর রহমান বলেন, বন্দর থেকে আবেদনের পর পর্যবেক্ষণ শেষে এ পর্যন্ত ১৪টি জাহাজের সার্ভে সনদ নবায়ন করা হয়েছে। নতুন করে কোনো জাহাজের সার্ভে সনদের জন্য আবেদন করা হয়নি। নৌ-বাণিজ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সার্ভে সনদ থাকা জাহাজগুলো হচ্ছে পাঁচটি টাগ বোট, তিনটি পাইলট ভ্যাসেল, তিনটি পানি সরবরাহকারী বোট, দুটি বয়া স্থানান্তরকারী জাহাজ ও একটি সার্ভিস বোট। নিয়মানুযায়ী সমুদ্রে চলাচলের উপযোগী জাহাজের নিবন্ধন ও সার্ভে সনদ দেয় নৌ-বাণিজ্য অধিদপ্তর। প্রতি বছর সনদ নবায়ন করতে হয়। সংশ্লিষ্ট সংস্থা থেকে আবেদনের পর নৌ-বাণিজ্য অধিদপ্তরের কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষা করেন। জাহাজের পর্যাপ্ত নিরাপত্তাসহ চলাচলের উপযোগী সরঞ্জাম থাকলে তবেই সনদ দেওয়া হয়। প্রয়োজনীয় সরঞ্জাম না থাকলে সেগুলো সংগ্রহের সময়সীমা বেঁধে দিয়ে সনদ দেওয়া হয়। এ জন্য সরকারি ফিও দিতে হয়।